Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সমাজমাধ্যমে মার্কিন-বিরোধী পোস্ট থাকলে মিলবে না ভিসা

গত কয়েক মাস ধরেই মার্কিন ভিসা নিয়ে টানাপোড়েন চলছে।  এর মধ্যেই ভারতের মার্কিন দূতাবাসের তরফে জানানো হল, স্টুডেন্ট ভিসা ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসায় আমেরিকায় যাঁরা আসতে চান, তাঁদের সমাজমাধ্যমের উপর কড়া নজর রাখা হবে।

সমাজমাধ্যমে মার্কিন-বিরোধী পোস্ট থাকলে মিলবে না ভিসা
  • ২৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

ওয়াশিংটন: গত কয়েক মাস ধরেই মার্কিন ভিসা নিয়ে টানাপোড়েন চলছে।  এর মধ্যেই ভারতের মার্কিন দূতাবাসের তরফে জানানো হল, স্টুডেন্ট ভিসা ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসায় আমেরিকায় যাঁরা আসতে চান, তাঁদের সমাজমাধ্যমের উপর কড়া নজর রাখা হবে। কোনও রকম বিতর্কিত পোস্ট বা মন্তব্য দেখা গেলেই আর ভিসা মিলবে না। জাতীয় নিরাপত্তা ও মার্কিন জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, আরও বলা হয়েছে, মার্কিন ভিসা একটি বিশেষ সুবিধা, কোনও অধিকার নয়।

Advertisement

সোমবার এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, এফ, এম এবং জে ক্যাটিগরিতে ভিসা দেওয়ার আগে প্রত্যেক আবেদনকারীর যাবতীয় তথ্য খুঁটিয়ে দেখা হবে। নতুন নির্দেশ অনুযায়ী এই স্ক্রিনিং পদ্ধতির মধ্যে দিয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কারা বিপজ্জনক বা কাদের এদেশে প্রবেশের অধিকার নেই, তাও চিহ্নিত করা হবে। আর সেই কারণে যাঁরা এফ এবং এম ক্যাটিগরি (স্টুডেন্ট ভিসা) ও জে ক্যাটিগরিতে (এক্সচেঞ্জ ভিজিটর) ভিসার আবেদন করবেন, তাঁদের প্রত্যেককে নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ‘পাবলিক’ করে রাখতে হবে।
তথ্যাভিজ্ঞ মহলের মতে, প্যালেস্তাইন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদে সরব হন বহু পড়ুয়া। তাঁদের একটা বড় অংশই বিভিন্ন দেশ থেকে পড়তে এসেছিলেন। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়ে ট্রাম্প সরকার। তার পরেই একাধিক পড়ুয়াকে চিহ্নিত করে নিজেদের দেশে ফেরত পাঠানো হয়। এর পরেই সিদ্ধান্ত হয়েছে, পড়ুয়া বা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার পোস্ট খতিয়ে দেখবেন মার্কিন কনস্যুলার অফিসাররা। সেখানে আমেরিকা-বিরোধী কোনও রকম পোস্ট থাকলে আবেদনকারীকে ভিসা দেওয়া হবে না।
অন্যদিকে, মার্কিন দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, খুব শীঘ্রই এফ, এম এবং জে ক্যাটিগরির ভিসার আবেদন শুরু হবে। অ্যাপয়ন্টেমেন্টের জন্য এই সমস্ত ক্যাটিগরির ভিসা আবেদনকারীদের সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ