Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরের লক্ষ্যে আরও এক ধাপ, রাজ্যে ভোটার ‘ম্যাপিং’ শীঘ্রই

এসআইআরের লক্ষ্যে আরও একধাপ এগোচ্ছে নির্বাচন কমিশন। এবার রাজ্যের ভোটার তালিকার মূল্যায়ন শুরু করতে চলেছে তারা।

এসআইআরের লক্ষ্যে আরও এক ধাপ, রাজ্যে ভোটার ‘ম্যাপিং’ শীঘ্রই
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের লক্ষ্যে আরও একধাপ এগোচ্ছে নির্বাচন কমিশন। এবার রাজ্যের ভোটার তালিকার মূল্যায়ন শুরু করতে চলেছে তারা। রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশিত হয়েছে। ২৩ বছর আগের সেই ভোটার তালিকার সঙ্গে এবার মিলিয়ে দেখা হবে রাজ্যের বর্তমান ভোটার তালিকা—কমিশনের পরিভাষায় ‘ম্যাপিং অব ইলেক্টর’। 

Advertisement

গত ১০ তারিখ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সিইওদের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। ওই বৈঠকেই ‘ম্যাপিং অব ইলেকটর’ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল কমিশন। সেইমতো এই প্রক্রিয়া শুরু করতে চলেছে সিইও অফিস। মূলত, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন বুথ লেভেল অফিসাররা। ২০ সেপ্টেম্বরের মধ্যেই কাজটি শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। যদিও প্রশ্ন উঠছে, রাজ্যজুড়ে এখনও বহু সংখ্যক বিএলও-র প্রশিক্ষণ বাকি। এই পরিস্থিতিতে ২০ তারিখের মধ্যে এই কাজ কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।  এদিকে, আগামী ১৭ সেপ্টেম্বরই রাজ্যে আসছেন  সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, আগামী ১৮ এবং ১৯ সেপ্টেম্বর তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সব জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে জরুরি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠকে রাজ্যের এসআইআর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে বেশ কয়েকটি জেলাতেও তিনি যাবেন। ২০ তারিখ তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। দিল্লি পৌঁছে কমিশনের ফুল বেঞ্চের সামনে তিনি পশ্চিমবঙ্গ নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ