দেরাদুন: উত্তরাখণ্ডে রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি খুনে তিন অভিযুক্তকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তারপরও এই হত্যাকাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে। কিন্তু, তাঁদের নাম কী? এর উত্তর পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন পরিবেশকর্মী অনিল প্রকাশ যোশি। দেরাদুনের বসন্ত বিহার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা। অনিল অভিযোগপত্রে জানিয়েছেন, অঙ্কিতা খুনে যুক্ত অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু, বেশ কিছু তথ্যপ্রমাণ সরিয়ে দেওয়া ও নষ্ট করার অভিযোগ উঠেছে। কয়েকজন অজ্ঞাতপরিচয় ‘ভিআইপি’র নামও ভেসে উঠছে। অঙ্কিতার মৃত্যুর বিচার নিশ্চিত করতে তাদের নাম জানা অত্যন্ত জরুরি।



