প্রায় তিন বছর পর পরিচালনায় ফিরলেন প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর ছোট মেয়ে রিনা চৌধুরী। তাঁর আসন্ন ছবি ‘সোহাগ রাত’। পরিচালকের কথায়, ‘এটা বাংলা ছবি, বাঙালির ছবি।’ একসময় বাংলার বক্স অফিসে রাজত্ব করেছেন অঞ্জন চৌধুরী। একের পর এক হিট ছবি তৈরি হয়েছে তাঁর পরিচালনায়। বাবার সেই চেনা কমার্শিয়াল ঘরানা ফিরিয়ে আনতে চান রিনা। স্পষ্ট বললেন, ‘বাবার বাঙালি দর্শক ছিল। পৃথিবী জুড়ে বাঙালি দর্শক বাবাকে চেনে। সেটাই ফিরিয়ে আনতে চেয়েছি। সারা পৃথিবীর বাঙালির ২০ শতাংশও যদি এই ছবি দেখেন, আমি জানব আমার কাজ সার্থক।’
‘সোহাগ রাত’-এ অভিনয় করছেন তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়, রিয়া, শ্রাবণী, রাহুল গোস্বামী প্রমুখ। রিনা জানালেন, এই ছবিতে ভালোবাসার গল্প বুনেছেন তিনি। ‘এটা প্রেমের গল্প। কিন্তু শুধু ছেলে, মেয়ের প্রেম নয়। ছেলেটির নাম সোহাগ। মেয়েটির নাম রাত্রি। সেখান থেকে ছবির নাম ‘সোহাগ রাত’। ভালোবাসা মা, ছেলের হতে পারে। ভাই, বোনের হতে পারে। আবার প্রেমিক, প্রেমিকার ভালোবাসাও হতে পারে। সেই বিষয়টা এখানে রয়েছে’, দাবি পরিচালকের।
সমসাময়িক সব ছবি, সিরিজ নিয়মিত দেখেন রিনা। সেখান থেকে তাঁর উপলব্ধি, ‘এখনকার গল্প ভালো লাগে। পরিচালনা স্মার্ট। শিল্পীরাও খুব ভালো। কিন্তু তাও বলব, একটু বাঙালিয়ানায় মোড়া গল্প হলে আরও ভালো লাগত। আমাদের ছবিতে বাঙালির চেনা স্বাদ ফিরিয়ে আনার চেষ্টা করেছি।’