নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সম্প্রীতির নজির জলপাইগুড়িতে। ময়নাগুড়ির দোমোহনির লক্ষ্মীরহাটের দিনমজুর রায় পরিবারের মেয়ের বিয়েতে ‘মুশকিল আসান’ রবিউল ইসলাম। পাত্রী প্রিয়াঙ্কা রায়ের বাবা শিবু রায়। এলাকার একটি কাঠ চেরাই মিলে কাজ করতেন। মাস ছ’য়েক আগে দুর্ঘটনায় করাতে তাঁর বাঁ হাত কাটা যায়। তারপর থেকে কার্যত বেকার হয়ে ঘরে বসে রয়েছেন তিনি। শিবুবাবুর বয়স হলেও সংসার টানতে রিকশ চালান। কখনও পাহাড়ি নদী থেকে পাথর কুড়িয়ে বিক্রি করে কিছু আয়ের চেষ্টা করেন। এসব দিয়েই তাঁদের ছ’জনের সংসার চলে। ঘরে অভাব নিত্যসঙ্গী। ফলে জলপাইগুড়ির বেরুবাড়ির বাসিন্দা ফণীন্দ্রনাথ দাসের সঙ্গে মেয়ের বিয়েতে সবটা জোগাড় করে উঠতে পারেননি শিবু। আর সেই খবর পেয়েই কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ালেন রবিউল। প্রিয়াঙ্কার বিয়ের বেনারসি থেকে কনে সাজানোর সামগ্রী সহ আমন্ত্রিতদের খাওয়ানোর চাল-ডাল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। রবিউলের এই মহতী উদ্যোগে যারপরনাই খুশি পাত্রীর পরিবার।



