বুয়েনস আইরেস: ২০২৩’এর নভেম্বর। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্তিনা ম্যাচ ঘিরে অগ্নিগর্ভ মারাকানা। গ্যালারিতে আর্জেন্তাইন সমর্থকদের উপর লাঠি চালায় ব্রাজিলের পুলিস। সেই ঘটনার পর বুধবার প্রথমবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তা’ও আবার আর্জেন্তিনার রাজধানীতে! উত্তেজনার পারদ যে চড়বে বোঝাই যাচ্ছিল। তার উপর ম্যাচের আগে রাফিনহার মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘মাঠে ও মাঠের বাইরে আর্জেন্তিনাকে গুঁড়িয়ে দেব।’ কিন্তু ঘটল ঠিক তার উল্টোটা। দেশের মাটিতে ব্রাজিলের উপর রোলার চালাল লায়োনেল স্কালোনির দল। সঙ্গে বোনাস ২০২৬ বিশ্বকাপের টিকিট।
সুখবর অবশ্য ম্যাচের আগেই পেয়ে যায় আর্জেন্তিনা। উরুগুয়ের সঙ্গে বলিভিয়া ড্র করায় প্রথম ছয়ে জায়গা নিশ্চিত আলবিসেলেস্তেদের। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল গ্রুপের শীর্ষে থেকে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল স্কালোনি-ব্রিগেড। কিন্তু তা সত্ত্বেও জয়ের খিদে কমেনি। প্রতিপক্ষ ব্রাজিলের সঙ্গে যে অনেক হিসেব নিকেশ বাকি। প্রথম মিনিট থেকেই রে রে করে আক্রমণে ওঠেন স্কালোনির ছেলেরা। উল্লেখ করা দরকার, চোটের কারণে এই ম্যাচে ছিলেন না লায়োনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও পাওলো ডিবালা। চতুর্থ মিনিটেই দুরন্ত গোলে আর্জেন্তিনাকে এগিয়ে দিলেন জুলিয়ান আলভারেজ। আলমাডার থেকে বল পেয়ে বক্সে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে জাল কাঁপান আতলেতিকোর তরুণ স্ট্রাইকার (১-০)। আট মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্ডেজ (২-০)। অবশ্য ২৬ মিনিটে আর্জেন্তিনার ডিফেন্ডার রোমেরোর ভুলে সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলের ব্যবধান কমান ম্যাথিউজ কুনহা (২-১)। কিন্তু পড়ে পাওয়া চোদ্দ আনার গোলে কি আর ব্রাজিলের কঙ্কালসার চেহারা ঢাকা পড়ে? ৩৭ মিনিটেই এনজোর ভাসানো বল জালে জড়িয়ে প্রথমার্ধেই কার্যত আর্জেন্তিনার জয় নিশ্চিত করে ফেললেন ম্যাক অ্যালিস্টার (৩-১)। তখন ব্রাজিলের অসহায় ডিফেন্ডাররা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। মাঠে জ্বলে উঠতে না পারলেও মুখে বড় বড় বুলি ছোটান রাফিনহারা। ম্যাচ চলাকালীন বার্সা ফরোয়ার্ডকে জবাব দিতেও ভোলেননি এমিলিয়ানোরা। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের জন্য আরও লজ্জা অপেক্ষা করছিল। ৭১ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন গিউলিয়ানো সিমোনে (৪-১)। এমন দাপুটে জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানান উচ্ছ্বসিত মেসি। অন্যদিকে, লজ্জার হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান কোচ ডোরিভাল জুনিয়র। বাছাই পর্বে ১৪ ম্যাচের মাত্র ছ’টিতে জিতে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল (২১ পয়েন্ট)।



