নয়াদিল্লি: সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন বা সার্ক এখন কার্যত নিষ্ক্রিয়। আর এই সুযোগে দক্ষিণ এশিয়ায় নতুন গোষ্ঠী তৈরিতে তত্পর হয়েছে পাকিস্তান ও চীন। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। শুধু তাই নয়, উপমহাদেশে ভারতকে একঘরে করতে বাংলাদেশকেও নতুন এই গোষ্ঠীতে শামিল করা হয়েছে। গত ১৯ জুন তিন দেশের প্রতিনিধিরা চীনের কুনমিং শহরে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের মতো দেশগুলিকেও নতুন গোষ্ঠীতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে। ওই সূত্রটি জানিয়েছে, গত মে মাসেও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে চীন ও পাকিস্তানের বৈঠক হয়েছিল। সেখানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারিত করার পাশাপাশি আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়। বাংলাদেশে শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর থেকেই সেখানে ভারতবিদ্বেষী কার্যকলাপ বেড়েছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করছে ইসলামাবাদ। উদ্দেশ্য একটাই, ভারতকে কূটনৈতিকভাবে চাপে রাখা। যদিও বাংলাদেশের তরফে নতুন গোষ্ঠী তৈরির কথা উড়িয়ে দেওয়া হয়েছে। ইউনুস সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, কুনমিংয়ের বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটা শুধু কূটনীতিক পর্যায়ের বৈঠক। কোনও গোষ্ঠী তৈরির পরিকল্পনা নেই।



