নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে দরকার বামপন্থীদের পুনর্জাগরণ। শুধুমাত্র ‘নো ভোট টু বিজেপি’ বলা যাবে না। নৈহাটিতে তিনদিনব্যাপী সিপিআই(এমএল) লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলন থেকে মূলত এই কথাই উঠে এল। সূত্রের খবর, সিপিএমের সঙ্গে নির্বাচনী জোট হলেও তাদের প্রতিটি অবস্থানের সঙ্গে যে লিবারেশন একমত নয়, সে-কথাও উঠে এসেছে। অনেক প্রতিনিধিই আবার সিপিএমের অতীতের কীর্তিকলাপের সমালোচনাও করেছেন বলে খবর। সব শেষে ৬৭ জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে। পুনরায় রাজ্য সম্পাদক হয়েছেন চারু মজুমদারের পুত্র অভিজিত্ মজুমদার।
বিহার নির্বাচনের পরেই লিবারেশন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছিলেন, তৃণমূল ও বিজেপিকে তাঁরা একাকার করেন না। এরপর রাজ্য সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, অভিমত আলাদা হতেই পারে। লক্ষ্য এক থাকা দরকার। লিবারেশনের এক নেতার কথায়, রাজ্য সম্মেলনে সকলে এক বাক্যে বলেছেন, রাজ্যে বামপন্থার পুনরুত্থান দরকার। তৃতীয় শক্তির উত্থান দরকার। তার সঙ্গে আলোচনা করতে গিয়ে অনেকেই সিপিএমের অতীত অর্থাত্ সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়েছেন। তবে নির্বাচনী জোটের পক্ষেই সওয়াল করেছেন সকলে। সূত্রের দাবি, শুধুমাত্র ‘নো ভোট টু বিজেপি’ বললে হবে না। বাম জোটের পক্ষে ভোট দেওয়ার কথা বলতে হবে। এমন প্রস্তাবও এসেছে রাজ্য সম্মেলন থেকে। সম্মেলন ফ্লোর থেকে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্তির জন্য কয়েকজনের নাম উঠে আসে। প্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচিত করেন।