নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদারের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে পাথর ছোড়া হয়। তাতে ভেঙে যায় ঘরের কাচ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মনোরঞ্জনবাবু ও তাঁর পরিবারের সদস্যরা। রাতেই সোনারপুর থানায় খবর দেন তিনি। শুক্রবার থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপির এই জেলা সভাপতি। রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় ঘটেছে এই ঘটনা।



