


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে কি ‘প্রধান শত্রু’ চিনল সিপিএম? তাই কি আক্রমণের তির এখন বিজেপির দিকে? এসব প্রশ্ন উঠছে কারণ, প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে বিজেপিকে নিয়ে তাঁর করা মন্তব্য স্মরণ করিয়েছে আলিমুদ্দিন। তিনি বলেছিলেন, ‘বিজেপি একটি অসভ্য ও বর্বর দল’। সেই উক্তিই মনে করিয়ে দিচ্ছে লালপার্টি। শুধু তাই নয়, একটি গানও বেঁধেছে তারা। ওই মন্তব্যকে সামনে রেখে শপথ গ্রহণের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি, এসআইআর নিয়ে সিপিএমের নতুন স্লোগান, ‘নির্বাচন কমিশন বিজেপির দালালি বন্ধ করো।’ এই অবস্থানকে দলেরই কর্মী-সমর্থকদের একাংশ ‘বিলম্বিত বোধোদয়’ বলে মনে করছে।
দিনকয়েক আগেই ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচীতে হাঁটার পর এবার নেটে যাত্রা শুরু সিপিএমের। ‘বাংলা বাঁচাও’ নামে নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে নাম-ফোন নম্বর দিয়ে ‘শপথ’ নেওয়া যাচ্ছে। রাজ্যজুড়ে সিপিএম কর্মী-সমর্থকরা এদিন পথে নেমেও শপথ নিয়েছেন। শপথ বাক্যে আলিমুদ্দিন স্মরণ করিয়েছে জ্যোতিবাবুর ওই উক্তি। পাশাপাশি রাখা হয়েছে জ্যোতিবাবুর আরও এক উক্তি, ‘মমতার সব থেকে বড় অপরাধ বিজেপিকে বাংলায় ডেকে আনা।’ সম্প্রতি এসআইআরের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন।
এই মুহূর্তে কেরলে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে। তাই প্রশ্ন উঠছে, প্রধান শত্রু বিজেপি— বাংলায় ভোটের আগে এই বার্তাই কি দিতে চাইছে সিপিএম? মহম্মদ সেলিম বলেন, ‘প্রধান-অপ্রধান আমরা এভাবে বলি না। জ্যোতি বসু তো সেই নয়ের দশকে সবার আগে একথা বলেছিলেন। এখন সকলে বলছেন। আমাদের পার্টির নথিতে বলা হয়েছে, বিজেপি একটা অন্য ধরনের দল। যার পিছনে ফ্যাসিস্ট সংগঠন আরএসএস আছে। এখন নয়া ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ হচ্ছে। তার বিরুদ্ধে শপথ নেওয়া হল। তবে ভুলে গেলে চলবে না, এই অসভ্য দলকে বাংলায় হাত ধরে নিয়ে এসেছে তৃণমূল।’ তাহলে আসন্ন নির্বাচনে সিপিএমের হাত কি বাংলার মানুষ ধরবে? চেষ্টায় ত্রুটি রাখছে না আলিমুদ্দিন।