Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

আ-হা-রে আইস টি

মাচা চা এক ধরনের গুঁড়ো চা, যা গ্রিন টি-র পাতা দিয়ে তৈরি করা হয়। এই চা জাপানে খুবই জনপ্রিয়। বিশ্বায়নের সঙ্গে আমাদের দেশেও বিদেশি রান্না ও উপকরণের কদর বাড়ছে। মাচা টি পাউডার তারই অন্যতম। এই গুঁড়ো সাধারণত আইস টি বানাতেই কাজে লাগে।

আ-হা-রে আইস টি
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পিঙ্ক সুগার্স রেস্তরাঁয় পাবেন চায়ের নানারকম। গ্রীষ্মে এমনিতেই আইস টি-র জুড়ি মেলা ভার। কয়েকটি চায়ের রেসিপি রইল আপনাদের জন্য।

Advertisement

মাচা চা এক ধরনের গুঁড়ো চা, যা গ্রিন টি-র পাতা দিয়ে তৈরি করা হয়। এই চা জাপানে খুবই জনপ্রিয়। বিশ্বায়নের সঙ্গে আমাদের দেশেও বিদেশি রান্না ও উপকরণের কদর বাড়ছে। মাচা টি পাউডার তারই অন্যতম। এই গুঁড়ো সাধারণত আইস টি বানাতেই কাজে লাগে। তবে অনেকে এই টি পাউডার দিয়ে গরম চা-ও বানান। মাচা চায়ের ধরন একইরকম। কিন্তু বিভিন্ন ফ্লেভার যোগ করে এর স্বাদে বৈচিত্র্য আনা সম্ভব। পিঙ্ক সুগার্স রেস্তরাঁর সব শেফই রান্না নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন। গরমের উপযুক্ত মেনু তৈরি করার সময় তাঁরা চায়ের বিভিন্ন রেসিপি নিয়ে ভাবনাচিন্তা করেন। এর থেকেই মাচা চায়ের নানারকম ফ্লেভার তৈরি হয়। খুব অল্প দিনেই বিশেষ এই চায়ের মেনু খাদ্যরসিকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সঠিক উপকরণের সাহায্যে এই চা বাড়িতেও বানানো যায়, জানালেন শেফ। সেই মতোই সহজ কয়েকটি চায়ের রেসিপিও জানালেন তিনি।      

আর্ল গ্রে মাচা উইথ এল্ডারফ্লাওয়ার

উপকরণ: মাচা চায়ের গুঁড়ো ১ গ্রাম, গরম জল পরিমাণ মতো, কড়া করে বানানো আর্ল গ্রে টি লিকার (ঠান্ডা করে নেওয়া) ৮০ গ্রাম, এল্ডারফ্লাওয়ার কর্ডিয়াল বা সিরাপ ১৫ গ্রাম (অনলাইন কিনতে পাবেন), লেবুর রস ৫ গ্রাম, জল বা সোডা ৬০ গ্রাম, বরফ ১০০ গ্রাম, লেবুর স্লাইস ও পুদিনা পাতা সাজানোর জন্য।

পদ্ধতি: প্রথমে মাচা চায়ের গুঁড়ো গরম জলে গুলে নিন। এবার তা হুইস্ক দিয়ে গুলে ফেনা বানিয়ে নিন। আলাদা করে রেখে দিন। ইতিমধ্যে একটা মিক্সিং গ্লাসে আর্ল গ্রে চায়ের লিকার, এল্ডারফ্লাওয়ার কর্ডিয়াল বা সিরাপ, লেবুর রস, জল বা সোডা, বরফ একসঙ্গে নিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। সবটা একসঙ্গে মিশে না যাওয়া পর্যন্ত ঝাঁকাবেন। এবার একটা সার্ভিং গ্লাসে বরফ নিন। তার উপর ঝাঁকিয়ে নেওয়া মিশ্রণ ঢেলে দিন। এবং সব শেষে খুব আস্তে আস্তে মাচা চা ঢেলে আলাদা একটা লেয়ার তৈরি করে নিন। উপরে পুদিনা পাতা দিয়ে সাজান। গোল করে কাটা লেবুর টুকরো গ্লাসের ধার ঘেঁষে সাজিয়ে পরিবেশন করুন।     

 

মাচা লাতে

উপকরণ: মাচা চায়ের গুঁড়ো ২ গ্রাম, গরম জল পরিমাণ মতো, দুধ ১৮০ গ্রাম, চিনি বা মধু ১০-১৫ গ্রাম, বরফ ১০০ গ্রাম।

পদ্ধতি: একটা বড় কাপে মাচা পাউডার দিন। তার সঙ্গে গরম জল মেশান। প্রথমে চামচ দিয়ে গুলে নিন। তারপর হুইস্ক দিয়ে ফেনা তৈরি করে নিন। এবার এই মিশ্রণ ঠান্ডা হতে দিন। ঘরের তাপমাত্রায় এলে তা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর একটা গ্লাসে বরফ নিন। তাতে মধু বা চিনি মেশান।  তার সঙ্গে ঠান্ডা করা মাচা চা মেশান। সবটা একসঙ্গে হুইস্ক দিয়ে গুলে নিন। ইতিমধ্যে দুধটাও ঠান্ডা করে রাখুন। এবার চায়ের উপর দিয়ে তা আস্তে করে ঢেলে দিন। একটা লেয়ার তৈরি হবে। এইভাবে পরিবেশন করুন। অনেকে এই চা গরম অবস্থাতেও খেতে চান। সেক্ষেত্রে দুধ চায়ের সঙ্গে গুলে নিয়ে তারপর হুইস্ক দিয়ে ফেনা তৈরি করতে হবে।

 

মাচা মিসু বেভারেজ

উপকরণ: মাচা চা পাউডার ২ গ্রাম, গরম জল পরিমাণ মতো, মাসকারপোন চিস ২৫ গ্রাম, হুইপিং ক্রিম ৫০ গ্রাম, দুধ ১২০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১৫ গ্রাম, লেডিস ফিঙ্গার বিস্কুটের গুঁড়ো ১৫ গ্রাম, কোকো পাউডার ১ গ্রাম, বরফের টুকরো ১০০ গ্রাম।

পদ্ধতি: মাচা চা পাউডারের সঙ্গে গরম জল মিশিয়ে নিন। তা হুইস্ক দিয়ে গুলে ফেনা তৈরি করে নিন। এবার এটা আলাদা করে সরিয়ে রাখুন। একটা ব্লেন্ডিং জারে মাসকারপোন চিস, কনডেন্সড মিল্ক এবং ক্রিম একসঙ্গে গুলে নিন। মিশ্রণ মিহি করে গুলে নিন। এবার সার্ভিং গ্লাসে প্রথমে বিস্কুটের গুঁড়োটা দিন। চামচ দিয়ে তা সমান করে দেবেন। তার উপর বরফের টুকরো দিন। এবার মাসকারপোন দিয়ে তৈরি মিশ্রণটা ঢালুন। ধীরে ধীরে ঢালবেন যাতে একটা স্তর তৈরি হয়। সবশেষে মাচা চা ঢেলে দিন। আলাদা লেয়ারে তা যেন ভেসে থাকে সেদিকে খেয়াল রাখবেন। ক্রমশ ঢালবেন তাহলেই লেয়ার তৈরি হয়ে যাবে। উপর থেকে কোকো পাউডার ছড়িয়ে দিন। গোটা একটা লেডিস ফিঙ্গার বিস্কুট সহ পরিবেশন করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ