নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অসাধু দালাল চক্রের মাধ্যমে বিঘার পর বিঘা কৃষিজমি প্লট হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে। ফলে দিন দিন কমে যাচ্ছে চাষের জমির পরিমাণ। কৃষিকাজের উপর নির্ভরশীল মানুষজনের রুজিতে টান পড়ছে। শিউলি গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় কিছু ব্যক্তিই জমি কিনে সেই জমি প্লট হিসেবে বিক্রির পরিকল্পনা করেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই ক্ষেপে ওঠেন কৃষকরা। তাঁরা শিউলি পঞ্চায়েত প্রধানের কাছে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, চাষের জমি কেনা-বেচা হতেই পারে। কিন্ত চাষের জমিতে কোনও প্লটিং বা পাঁচিল দিয়ে ঘিরে রাখা যাবে না। চাষের জমিতে চাষই করতে হবে। এই দাবিতেই সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার হন কৃষকরা।



