Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এক জঙ্গি বন্দি পাটনায়, কলকাতার কোর্টে সন্ত্রাসের মামলা থমকে গেল

শহরে সন্ত্রাসবাদী মামলায় অভিযুক্ত ১২ জেএমবি জঙ্গির মধ্যে একজন বর্তমানে অন্য মামলায় বন্দি রয়েছে পাটনায়।

এক জঙ্গি বন্দি পাটনায়, কলকাতার কোর্টে সন্ত্রাসের মামলা থমকে গেল
  • ১৫ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে সন্ত্রাসবাদী মামলায় অভিযুক্ত ১২ জেএমবি জঙ্গির মধ্যে একজন বর্তমানে অন্য মামলায় বন্দি রয়েছে পাটনায়। ফলে কলকাতার বিচার ভবনে এই সন্ত্রাসবাদী মামলার বিচার থমকে রয়েছে। কবে পাটনার মামলার শুনানি শেষ হবে, আর কবেই বা তাকে কলকাতার জেলে ফিরিয়ে নিয়ে আসা হবে, তা নিয়েই উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন। ফলে বর্তমানে এই মামলার কেবল তারিখ পড়া ছাড়া আর কিছুই হচ্ছে না। আইনজীবীদের একাংশের বক্তব্য, ২০২০ সালের এই সন্ত্রাসবাদী মামলায় সাক্ষীর তালিকা দীর্ঘ। তাই কবে মামলার শুনানি শেষ হবে সেটাই এখন দেখার। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে কলকাতা পুলিসের এসটিএফের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে কলকাতা স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে। ধাপে ধাপে বাকি অভিযুক্তদের রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিসের দাবি অনুযায়ী, শহরে নাশকতা ঘটানোই ছিল অভিযুক্তদের মূল উদ্দেশ্য। ধৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, বিস্ফোরক সহ একাধিক আইনে মামলা দায়ের করা হয়। তাদের কাছ থেকে বিস্ফোরক ছাড়াও নানা নথিপত্র উদ্ধার হয়। তদন্ত শেষ করে পুলিস আদালতে চার্জশিটও পেশ করে। ধৃতদের জামিনের আবেদন একাধিকবার খারিজ করে দেয় আদালত। বিভিন্ন সময় ধৃতদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তাদের অন্য জেলে স্থানান্তরিত করা হয়। এছাড়া নানা আইনি গেরোর কারণে পিছিয়ে যায় মামলার শুনানি। তারই মধ্যে কিছুদিন আগে প্রেসিডেন্সি জেল থেকে এক অভিযুক্ত জঙ্গিকে পাটনার একটি মামলায় শুনানির জন্য সেখানকার জেলে স্থানান্তরিত করা হয়। ফলে এই মামলার শুনানি বর্তমানে স্থগিত রয়েছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, কোন মামলায় ধৃতদের মধ্যে একজন আদালতে অনুপস্থিত থাকলে সেই মামলার শুনানি চলতে পারে না। আর সে কারণেই এই সন্ত্রাসবাদী মামলার শুনানি বর্তমানে স্থগিত রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ