সংবাদদাতা, কাঁথি: বাসন্তী পুজোয় মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ গড়ে দর্শনার্থীদের তাক লাগিয়েছে খেজুরির পূর্বচড়া যুবগোষ্ঠী। মণ্ডপে উঠে এসেছে দার্জিলিংয়ের পাহাড়ে চলমান টয়ট্রেন, রোপওয়ে, হেলিকপ্টার। পাহাড়ের গা বেয়ে বইছে মনোরম ঝর্ণা। যুবগোষ্ঠীর পরিচালনায় ৫৪তম বর্ষের গ্রামীণ মেলা ও বাসন্তী উৎসব ঘিরে মাতোয়ারা খেজুরি। বৃহস্পতিবার থেকে আনন্দ উৎসবের সূচনা হয়ে গিয়েছে। আগামী ১২এপ্রিল পর্যন্ত উৎসব চলবে। উৎসব উপলক্ষ্যে একগুচ্ছ আকর্ষণীয় অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচির আয়োজন রয়েছে। আলোকমালায় সেজেছে উৎসব প্রাঙ্গণ। বসেছে প্রচুর দোকানপাট-পসরা এবং নাগরদোলা সহ হরেকরকমের আনন্দ-বিনোদনের উপকরণ।
প্রতি বছরই পূর্বচড়া যুবগোষ্ঠীর আকর্ষণীয় মণ্ডপ, সাজসজ্জা ও মাতৃপ্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ে। শুধু খেজুরি নয়, জেলার বিভিন্ন প্রান্ত এবং দূরদূরান্ত থেকে মেলা দেখার জন্য ভিড় করেন পূর্বচড়ায়। বৃহস্পতিবার মহাষষ্ঠী ও শুক্রবার মহাসপ্তমীতে মণ্ডপ প্রাঙ্গণে মানুষের উপচে পড়া ভিড় ছিল। যুবগোষ্ঠীর সভাপতি গঙ্গাধর দাস, সম্পাদক, মানিকলাল দাস, উৎসব কমিটির সম্পাদক আশিস মাইতি বলেন, আমরা প্রতি বছরই পুজোর মধ্য দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি।
বৃহস্পতিবার ঘটোত্তলনের পাশাপাশি ধামসা-মাদল, রাধাকৃষ্ণের ডান্ডিয়া নৃত্য, রণপা, ছৌনৃত্য ও মহিলা ঢাকি সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। বাসন্তী মায়ের কাঁসার প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা এবং যজ্ঞানুষ্ঠান হয়। যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন চণ্ডীপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিনিশ্চয়ানন্দজি। কাঁসার মাতৃপ্রতিমার উদ্বোধন করেন প্রতিমাদাতা মনোরঞ্জন দাস।
মণ্ডপ উদ্বোধন করেন যুবগোষ্ঠী ও উৎসব কমিটির সভাপতি গঙ্গাধরবাবু। মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ অরুণাভ মণ্ডল। সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন কার্তিকচন্দ্র ভুঁইয়া ও তপন দাস। শুক্রবার মহাসপ্তমীতে শ্রীকৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান পুতুল সহ নানা কীর্তি সহযোগে শ্রীকৃষ্ণলীলা পার্কের উদ্বোধন হয়। বাংলা ব্যান্ড ‘সপ্তসুর’ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে। শনিবার ছিল স্থানীয় একটি বেসরকারি স্কুলের কচিকাঁচাদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজস্থানী ধাঁচে মঞ্চসজ্জাও হয়েছে নজরকাড়া।
অনুষ্ঠানের দিনগুলিতে রয়েছে দাদাগিরি মডেলে ক্যুইজ প্রতিযোগিতা, দিদি নম্বর ওয়ান, ছদ্মবেশ প্রতিযোগিতা, আধুনিক ও লোকনৃত্যের আঙ্গিকে নৃত্যানুষ্ঠান। রয়েছে স্বাস্থ্যপরীক্ষা সহ নানা কর্মসূচি। মঙ্গলবার টেলিভিশন ও চলচ্চিত্রের একঝাঁক নায়ক-নায়িকা সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান রয়েছে। বুধবার রয়েছে যাত্রানুষ্ঠান।
বৃহস্পতিবার বিচিত্রানুষ্ঠানে মেগাসিরিয়াল জগদ্ধাত্রীর নায়িকা আর শুক্রবার টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়, নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়, লোকসঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী মঞ্চ মাতাবেন।