নয়াদিল্লি: পুতিনের দেশ থেকে তেল কেনার জন্য ভারতকে ২৫ শতাংশ শুল্ক জরিমানা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই রাশিয়া থেকে অশোধিত তেল আমদানিতে রাশ টেনেছে ভারত? সাম্প্রতিক তথ্যে কিন্তু এমনই ইঙ্গিত মিলছে। বাণিজ্যিক জাহাজের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুসারে, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে রুশ তেল ক্রয়ের পরিমাণ ৪৫ শতাংশের বেশি ছেঁটে ফেলেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। সংস্থার এক বিশেষজ্ঞ নবীন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরে ওই সংস্থাগুলি দৈনিক ১১ লক্ষ ব্যারেল তেল রাশিয়া থেকে কিনেছিল। কিন্তু সেপ্টেম্বরে তা কমে হয়েছে দৈনিক ৬ লক্ষ ব্যারেল। একটি ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কের হিসেব বলছে, শুধুমাত্র সেপ্টেম্বরে রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে ১৪ শতাংশ। বাণিজ্য ও শিপিং সংক্রান্ত পরিসংখ্যান জানাচ্ছে, বার্ষিক হিসেবে এপ্রিল থেকে সেপ্টেম্বরে দেশে রুশ তেলের আমদানি একধাক্কায় কমে গিয়েছে ৮.৪ শতাংশ। অন্যদিকে, এই মাসগুলিতে মার্কিন অশোধিত তেলের ক্রয় বেড়েছে ৬.৮ শতাংশ। এরপরও অবশ্য রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি আমদানিকারী দেশগুলির তালিকায় চীনের পর দ্বিতীয় স্থানে ভারত। কারণ, বেসরকারি সংস্থাগুলির আমদানির পরিমাণ বেড়েছে। সেই তালিকায় রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি।



