নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষক এবং শিক্ষা কর্মীর অভাবে কার্যত ধুঁকছে আইআইটি গুয়াহাটি। ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-অধ্যাপক (ফ্যাকাল্টি) পদে প্রায় অর্ধেক পোস্টই খালি পড়ে রয়েছে। এর ফলে ওই আইআইটিতে পঠন-পাঠনের উপর গুরুতর প্রভাব পড়ার শঙ্কা করছে শিক্ষা বিশেষজ্ঞ মহলের। সাম্প্রতিক একটি আরটিআইয়ের জবাবে বিজেপি শাসিত রাজ্যে শিক্ষা ব্যবস্থার এমন উদ্বেগজনক ছবি প্রকাশ্যে এসেছে। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) এই ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে আবেদন করেছিলেন মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। গত ২৩ জুন গুয়াহাটি আইআইটির ফ্যাকাল্টি অ্যাফেয়ার্স সেই আরটিআইয়ের জবাব দিয়েছে।
তাতে দেখা যাচ্ছে যে, আইআইটি গুয়াহাটিতে মোট অনুমোদিত ফ্যাকাল্টি পদের সংখ্যা ৮৪১টি। অথচ এর মধ্যে শূন্য রয়েছে ৩৭০টি পদই। অর্থাৎ, আইআইটি গুয়াহাটির শিক্ষক-অধ্যাপক পদের প্রায় ৪৪ শতাংশই খালি পড়ে রয়েছে। যে ৪৭১টি পদ ভর্তি, তার মধ্যে ৪১৫টি জেনারেল ক্যাটিগরির। তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি ক্যাটিগরিতে ফ্যাকাল্টি রয়েছেন যথাক্রমে ২৪, ছয় এবং ২৫। ইডব্লুএস ক্যাটিগরির একটি পদেও শিক্ষক-অধ্যাপক আছেন। অন্যদিকে, আইআইটি গুয়াহাটিতে অশিক্ষক পদে মোট অনুমোদিত পোস্টের সংখ্যা ৬৪৪টি। এর মধ্যে ৭৬টি পদই বর্তমানে খালি পড়ে রয়েছে। এইসব শূন্যপদে লোক নিয়োগের ব্যাপারে গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কোনও পদক্ষেপ করছে কি না, তা স্পষ্ট নয়।