চট্টগ্রাম: বাংলাদেশের পোশাক কারখানায় গোপনে তৈরি হচ্ছিল জঙ্গিদের ইউনিফর্ম! গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম শহরের বায়োজিদ বোস্তামি এলাকায় অবস্থিত ওই কারখানায় হানা দেয় পুলিস। সেখান থেকে ২০ হাজারের বেশি জংলা ছাপ ইউনিফর্ম বাজেয়াপ্ত করা হয়। কারখানার মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের জেরা করে পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিস জানিয়েছে, জঙ্গি সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ওই ইউনিফর্ম তৈরির বরাত দিয়েছিল। এর জন্য দু’কোটি টাকার চুক্তিও হয়। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, তারা সাব-কন্ট্র্যাক্টের ভিত্তিতে কাজ করে। ফলে কাদের জন্য ইউনিফর্ম তৈরি হচ্ছিল, তা জানা সম্ভব নয়।
বছর তিনেক আগে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অংশ নিয়ে স্বাধীন ‘কুকি-চীন রাজ্য’ গঠনের কথা ঘোষণা করে কেএনএফ। মূলত বিভিন্ন উপজাতির মানুষদের নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। তারপর থেকেই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান এলাকায় একের পর এক তোলাবাজি, খুনের ঘটনায় আলোচনায় চলে আসে কেএনএফ। বাংলাদেশের কয়েকটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও তাদের যোগ পাওয়া যায়। একাধিকবার বাংলাদেশ সেনার সঙ্গেও সংঘাতে জড়িয়েছে কেএনএফ। বাংলাদেশ সরকার সূত্রে দাবি, মায়ানমারে গিয়ে সেখানকার সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে প্রশিক্ষণ নিয়ে এসেছে কেএনএফ গেরিলারা। মায়ানমারের ওই সংগঠনের কাছে প্রশিক্ষণ নিয়েছে মণিপুরের জঙ্গি সংগঠন কুকি ন্যাশনাল আর্মিও।