


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে বিভিন্ন অনলাইন প্রতারণার টাকা ঢুকেছে রাজ্যের এক শিল্পপতি ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত ৩১৫ কোটি টাকা আসার হিসেব পেয়েছেন সাইবার ক্রাইম উইংয়ের অফিসাররা। ইতিমধ্যেই ওই শিল্পপতির বাড়ি, অফিসসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক নথি ও অন্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
সাইবার ক্রাইম উইং সূত্রে খবর, শেয়ারে বিনিয়োগের টোপ দিয়ে জালিয়াতি করা হয়েছে। এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্কের কর্মী প্রতারণার শিকার হয়ে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে অফিসার একটি কোম্পানির নামে খোলা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পান। তার লেনদেন বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, ওই অ্যাকাউন্ট দু’টির বিরুদ্ধে ৫৪৪টি সাইবার জালিয়াতির অভিযোগ রয়েছে। লেনদেন হয়েছে ৯৭ কোটি টাকা। এই সংস্থার সঙ্গে ওই শিল্পপতি পরিবারের যোগ পাওয়া যায়। পরে এই ধরনের আর ১৮৬টি সংস্থার হদিশ পাওয়া যায়। সেখানে ডিরেক্টরের সংখ্যা ছিল ১১ জন। তার মধ্যে ১৪৭টি সংস্থার ঠিকানা এজরা স্ট্রিটের একটি ঘর। সেখানে গিয়ে তদন্তকারীরা কোনও অফিসই খুঁজে পাননি। ওই সংস্থাগুলির অ্যাকাউন্টে এসেছে ৩১৫ কোটি টাকা। এরপরই ওই শিল্পপতিসহ পরিবারের সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়।