Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘রূপশ্রী’ প্রকল্পে বিধাননগরে উপকৃত ৩১৩২ তরুণী, মোট অনুদান ৭ কোটি ৮৩ লক্ষ টাকা

আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণীদের বিয়েতে আর্থিক সহায়তার জন্য ‘রূপশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘রূপশ্রী’ প্রকল্পে বিধাননগরে উপকৃত ৩১৩২ তরুণী, মোট অনুদান ৭ কোটি ৮৩ লক্ষ টাকা
  • ৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণীদের বিয়েতে আর্থিক সহায়তার জন্য ‘রূপশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককালীন ২৫ হাজার টাকা অনুদান মেলে এই প্রকল্পে। শুরুর সময় থেকে অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে বিধাননগর পুরসভায় উপকৃত হয়েছেন ৩১৩২ জন তরুণী। সব মিলিয়ে সরকারের কাছ থেকে অনুদান মিলেছে ৭ কোটি ৮৩ লক্ষ টাকা। পুরসভার দাবি, ২০২৫-২০২৬ অর্থবর্ষ শেষ হতে এখনও চার মাস বাকি। ফলে অর্থবর্ষের নিরিখে এই সংখ্যা আরও বাড়ব। 

Advertisement

২০১৮ সালের ১ এপ্রিল থেকে রাজ্যে চালু হয়েছে ‘রূপশ্রী’ প্রকল্প। যেসব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকারও কম, সেই পরিবারের তরুণীরা প্রথম বিয়ের জন্য এই প্রকল্পে আবেদন করতে পারেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আবেদন গ্রাহ্য হয় না এবং তা বেআইনি। পাত্রী ও পাত্র দু’জনকেই সরকারি হিসেব অনুযায়ী বিবাহযোগ্য হতে হবে। আবেদন জমা পড়ার পর প্রশাসনের তরফে সরজমিনে খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হয়। তারপর পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৮-২০১৯ আর্থিক বছরে ২৪৪ জন এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে ৪৩টি বাতিল হয়ে যায়।  ২০১ জন মোট ৫০ লক্ষ ২৫ হাজার টাকা অনুদান পেয়েছেন। ২০১৯-২০২০ অর্থবর্ষে অনুদান পেয়েছেন ৩১৫ জন। টাকার পরিমাণ ৭৮ লক্ষ ৭৫ হাজার। একইভাবে ২০২০-২০২১ অর্থবর্ষে ৩৮৪ জন মোট ৯৬ লক্ষ টাকা অনুদান পেয়েছেন। ২০২১-২০২২ সালে অনুদান পেয়েছেন ৪৪৮ জন। টাকার অঙ্ক ১ কোটি ১২ লক্ষ। ২০২২-২০২৩ অর্থবর্ষে ৪৮৯ জন ১ কোটি ২২ লক্ষ ২৫ হাজার টাকা অনুদান পেয়েছেন। ২০২৩-২০২৪ অর্থবর্ষে ৪৬৬ জনের পাওয়া অনুদানের পরিমাণ ১ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা। ২০২৪-২০২৫ অর্থবর্ষে ৫০৩ জন অনুদান পেয়েছেন। টাকার পরিমাণ ১ কোটি ২৫ লক্ষ ৭৫ হাজার। চলতি ২০২৫-২০২৬ অর্থবর্ষের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের উপভোক্তা ৩২৬ জন তরুণী। মোট অনুদানের টাকারঅঙ্ক ৮১ লক্ষ ৫০ হাজার। পুরসভার দাবি, প্রকল্প শুরুর সময় আবেদন কম ছিল। লাগাতার প্রচার এবং সুবিধা প্রদানের ফলেই আবেদন বেড়েছে। 
 

Advertisement
সম্পর্কিত সংবাদ