Bartaman Logo
৯ জুন, ২০২৬

আসছে ২৪ কোচের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস

আর ১৬ নয়। এবার ছুটবে ২৪ কোচের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দেশের এই সেমি-হাইস্পিড ট্রেনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আগামী দিনে সমস্ত বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের কোচ সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৪টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলমন্ত্রক।

আসছে ২৪ কোচের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর ১৬ নয়। এবার ছুটবে ২৪ কোচের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দেশের এই সেমি-হাইস্পিড ট্রেনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আগামী দিনে সমস্ত বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের কোচ সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৪টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলমন্ত্রক। ফলে আরও অন্তত ৪০১ জন বেশি যাত্রী বন্দে ভারত স্লিপার ট্রেনে ভ্রমণ করতে পারবেন। জানা যাচ্ছে, চেন্নাইয়ের আইসিএফে (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি) ইতিমধ্যেই ২৪টি কোচ বিশিষ্ট বন্দে ভারত স্লিপার ট্রেন উৎপাদনের কাজে হাত দিয়েছে রেল কর্তৃপক্ষ। চলতি বছরেই বর্ধিত কোচের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন যাত্রী পরিবহণ শুরু করবে। আপাতত এমনই লক্ষ্যমাত্রা স্থির করেছে রেলমন্ত্রক।

Advertisement

রেল সূত্রে খবর, এবারের সাধারণ বাজেটেও দেশের একাধিক নয়া রুটে শয়নযান বিশিষ্ট বন্দে ভারত ট্রেনের ঘোষণার পথে হাঁটতে পারে মোদি সরকার। ভোট রাজনীতির কথা মাথায় রেখে সেক্ষেত্রে বাংলার ভাগ্যে জুটতে পারে আরও একটি বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট। দিল্লি-কলকাতা। ভোট উপহারের পাশাপাশি রেলের লক্ষ্মীলাভের উপায় খুঁজতে আপাতত ‘বন্দে বন্দনা’তেই ভরসা রাখছে কেন্দ্রের বিজেপি সরকার। বর্তমানে হাওড়া-গুয়াহাটি রুটে দেশের যে একমাত্র বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি চলছে, তাতে মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারেন। ২৪টি কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ১ হাজার ২২৪ জন। এর মধ্যে ১৭টি এসি থ্রি টিয়ার কোচ থাকবে। এসি টু টিয়ার কোচের সংখ্যা হবে পাঁচটি। এসি ফার্স্ট ক্লাস কোচ হবে একটি। একইসঙ্গে একটি এসি প্যান্ট্রি কারও থাকবে।

এই মুহূর্তে যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চলছে, সেখানে ১১টি থার্ড এসি কোচ রয়েছে। অর্থাৎ, ২৪ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনে আরও ছ’টি বাড়তি এসি থ্রি টিয়ার কোচ থাকবে। নয়া বন্দে ভারত স্লিপার ট্রেনে সেকেন্ড এসি কোচের সংখ্যা চারটি থেকে বেড়ে হবে পাঁচটি। তবে ফার্স্ট ক্লাস এসি কোচের সংখ্যায় কোনও পরিবর্তন হচ্ছে না। পরিবর্তে যুক্ত হচ্ছে একটি এসি প্যান্ট্রি কোচ। স্বাভাবিক নিয়মেই ২৪ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন যতদিনে যাত্রী পরিবহণ শুরু করবে, ততদিনে দেশের আরও বেশ কয়েকটি রুটে এই ট্রেন চলাচল করবে। সেগুলি ১৬ কোচেরই থাকবে। ২৪ কোচের বন্দে ভারত স্লিপার স্থায়ীভাবে যাত্রী পরিবহণ শুরু করলে অন্যান্য ট্রেনেও কোচ বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল বোর্ডের সূত্র। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ