সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার কুটিরডাঙা এলাকায় বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদর নদের জলে তলিয়ে দু’জন যুবকের মৃত্যু হয়েছে। মৃতদের নাম সোমনাথ সিং(২২) ও রাজেশ প্রসাদ(২৪)। তাঁদের বাড়ি দুর্গাপুরের ধাণ্ডাবাগ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিস এসে স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে তাঁদের উদ্ধার করে। তাঁদের দু’জনকে অচেতন অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জিজ্ঞাসাবাদের জন্য মৃতদের তিনবন্ধুকে আটক করেছে। এসিপি(অণ্ডাল) পিন্টু সাহা বলেন, সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ দুর্গাপুর থেকে পাঁচ বন্ধু মিলে দু’টি বাইকে করে কুটিরডাঙা ঘাটে যায়। সেখানে দামোদর নদের জলে তাঁরা স্নান করতে নামেন। স্নান করার সময় ওই দু’জন জলে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। বাকি তিন বন্ধু ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানান। পুলিস ও স্থানীয় বাসিন্দারা এসে জলে তল্লাশি শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তাঁদের দু’জনের দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা সুবোধকুমার সিং বলেন, ওই পাঁচ যুবক মোবাইলে স্নানের ভিডিও করছিল। তখনই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা বিকাশ মিত্র বলেন, ওই ঘাটগুলি বিপজ্জনক। নদীভাঙনে গর্তের আকার নিয়েছে। বহিরাগত যুবকরা না জেনেই জলে স্নান করতে নেমে বিপদ ঘটাচ্ছে। এর আগে ২০২০ সালে পাঁচজন পড়ুয়া ওই এলাকায় স্নান করতে এসেছিল। তারমধ্যে চারজনের জলে ডুবে মৃত্যু হয়েছে। বারবার দুর্ঘটনা ঘটলেও কোনও হুঁশ ফিরছে না বহিরাগত যুবকদের। মৃত যুবকদের বন্ধু অভয় প্রসাদ বলেন, আমরা প্রথমবার এখানে স্নান করতে এসেছিলাম। তারমধ্যে ওই দু’জন জলে এপার ওপার করছিল। আমরা বাধাও দিয়েছিলাম। ওরা শোনেনি। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জগৎপতি বাউরি বলেন, ওই ঘাটটি বিপজ্জনক। তাই আমরা ঘাটের সামনে একটি সাইনবোর্ড দিয়েছি। কিন্তু কেউ সাবধান হচ্ছে না। যার কারণে ফের এদিন দুর্ঘটনাটি ঘটে গেল।
• নিজস্ব চিত্র