ব্ল্যাক ইলেকট্রিক রে ফিশের নতুন  প্রজাতি আবিষ্কার জেডএসআইয়ের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইলেকট্রিক রে মাছের নয়া প্রজাতি আবিষ্কার করল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। আরব সাগরের গভীরে আবিষ্কৃত নয়া প্রজাতিটির নাম রাখা হয়েছে টেট্রোনার্স রামানামূর্তি। ভূবিজ্ঞান মন্ত্রকের অন্তর্গত ডিপ সি মিশনের অধিকর্তা ডঃ এম ভি রামানামূর্তিকে সম্মান দিয়েই এই নামকরণ। অ্যারাবিয়ান ব্ল্যাক ইলেকট্রিক রে’র এই প্রজাতিটি মিলেছে আরব সাগরের দক্ষিণ পশ্চিম এবং ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের গভীর এলাকা থেকে। নতুন প্রজাতিটির পিঠের রং কালচে নীল থেকে গাঢ় বাদামি। তবে, অন্যান্য প্রজাতির সঙ্গে এর জিনগত এবং বাহ্যিক বৈসাদৃশ্য রয়েছে। নয়া আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত জার্নাল জুট্যাক্সায়। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী কে বিনীশ। জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে ছিলেন অনিল কাশীনাথ। তাঁরা দুজনেই জেডএসআইয়ের অন্তর্গত চেন্নাইয়ের মেরিন বায়োলজি রিসার্চ সেন্টারে কর্মরত। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গভীর সমুদ্রের জীববিজ্ঞান গবেষণা অন্যতম কঠিন কাজ। ভারতের মতো দেশে এ বিষয়ে খুব কম কাজই হয়। সেই নিরিখে এ ধরনের নয়া প্রজাতির পুরুষ এবং স্ত্রী মাছ আবিষ্কার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজ।

Advertisement