Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তিন ভোটে ট্রাম্পের দলের ভরাডুবি, নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মামদানি

ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম বড় কোনও জয় পেল ডেমোক্র্যাটরা।

তিন ভোটে ট্রাম্পের দলের ভরাডুবি, নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মামদানি
  • ৫ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

নিউ ইয়র্ক, ৫ নভেম্বর : কাজ হল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে। নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানিকে বেছে নিলেন শহরের ভোটাররা। ভারতীয় বংশদ্ভূত মামদানি চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। আগামী ১ জানুয়ারি এই পদে শপথ নেবেন ৩৪ বছর বয়সি এই রাজনীতিক। নিউ ইয়র্ক সিটির মেয়র আসনের পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর পদেও জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

Advertisement

ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম বড় কোনও জয় পেল ডেমোক্র্যাটরা। ভোটের ব্যালটে ট্রাম্পের নাম না থাকলেও তিনিই ছিলেন ‘অদৃশ্য প্রার্থী’ । নিউ ইয়র্কের মেয়র পদে ভোটপ্রচারে মামদানির বিরুদ্ধে শুরু থেকেই সুর চড়িয়েছেন ট্রাম্প। তাঁকে কটাক্ষ করেছিলেন ‘১০০ শতাংশ পাগল কমিউনিস্ট’ বলে। সেই সঙ্গে হুমকি দিয়েছিলেন, মামদানি মেয়র হলে নিউ ইয়র্ক সিটির আর্থিক সাহায্য বন্ধ করে দেবে হোয়াইট হাউজ।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউ ইয়র্কের মেয়র পদে ভোটগ্রহণ চলে। এর পরে শুরু হয় গণনা। শেষ পর্যন্ত দেখা গেল, নির্দল প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো এবং ট্রাম্পের রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পিছনে ফেলে শেষ হাসি হাসলেন মামদানিই। সেইসঙ্গে এই প্রথম কোনও মুসলিম নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলেন। এক শতাব্দীর মধ্যে তিনি নিউ ইয়র্ক শহরের কনিষ্ঠতম মেয়র।

Advertisement
সম্পর্কিত সংবাদ