সংবাদদাতা, উলুবেড়িয়া: যাতায়াতের সুবিধার্থে জেলাজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগকারী ৪২টি পাকা রাস্তা সংস্কার করবে হাওড়া জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্রে খবর, রাস্তাগুলি তৈরি করতে ব্যয় হবে ৬ কোটি টাকা। খুব শীঘ্র কাজ শুরু হবে। দোড়গোড়ায় বর্ষা। আর সেই কারণেই মানুষের যাতায়াতের প্রয়োজনে জেলার বিভিন্ন প্রান্তে কিছু গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করছে হাওড়া জেলা পরিষদ। রাস্তাগুলি মূলত হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী। দীর্ঘদিন ধরে রাস্তাগুলি সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছিল। সাধারণ মানুষের দাবি মেনেই সেগুলি সংস্কারের উদ্যোগ নিয়েছে হাওড়া জেলা পরিষদ। হাওড়া জেলা পরিষদে ৪২ জন সদস্য আছেন। সেই হিসেবে প্রতিটি এলাকায় এই ধরনের গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করা হচ্ছে। হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য এবং পূর্তদপ্তরের কর্মাধ্যক্ষ তাপস মাইতি জানান, ৬ কোটি টাকা ব্যয়ে ৪২টি রাস্তা তৈরি হচ্ছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। খুব শীঘ্র কাজ শুরু হবে। বর্ষার আগেই রাস্তাগুলির কাজ শেষ করা আমাদের লক্ষ্য। প্রতিটি রাস্তা পিচের হবে।



