কিয়েভ, ৪ সেপ্টেম্বর: গতকালই ইউক্রেনের সঙ্গে ‘শান্তি’ প্রতিষ্ঠার সম্ভাবনার কথা জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই লক্ষ্যে ইতিবাচক প্রস্তাব এলো কিয়েভ থেকে। রাশিয়ার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁদের তরফে আপাতত কোনো এয়ার স্ট্রাইক হবে না বলে শুক্রবার আশ্বাস দিয়েছেন তিনি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে চলতি সপ্তাহের শেষে মস্কো ও কিয়েভ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত। তার আগে জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব তাৎপর্যপূর্ণ। পুতিন অবশ্য এর আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিপ্রক্রিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন।
সম্প্রতি ইউক্রেনে জোরদার হামলা চালাচ্ছে রাশিয়া। গত সোমবার রাতেও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাতে ১২ জনের মৃত্যু হয়েছে।