নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকার বদলের পরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কয়েকজন হাউস গার্ড ছাড়া কোনো নিরাপত্তা রক্ষী নেই তাঁর। এমনই অভিযোগ তুলে পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।
সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়ে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘আমার মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে তিনি জ়েড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েকবার আক্রান্তও হয়েছেন আমার মক্কেল। বর্তমানে তাঁর কোনো নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করা হোক।’ বিচারপতি রাও জানিয়েছেন, ৬ অক্টোবর মামলার শুনানি হবে।