নয়াদিল্লি: আগামী বৃহস্পতিবার কাতারের দোহায় শুরু হবে পুরুষদের রাইজিং স্টারস এশিয়া কাপ। ৫০ ওভারের এই প্রতিযোগিতার জন্য বিশেষ প্র্যাকটিসে ‘গুরু’ যুবরাজ সিংয়ের দ্বারস্থ অভিষেক শর্মা। যুবির তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করলেন তিনি। আসলে ভারতের টি-২০ দলের অপরিহার্য ওপেনার চাইছেন একদিনের ফরম্যাটেও নিজেকে প্রমাণ করতে। সেজন্যই এই আসরকে দিচ্ছেন বাড়তি গুরুত্ব। তাই যতটা সম্ভব ব্যাটিংয়ে উন্নতির চেষ্টায় তিনি। যুবি অবশ্য শুধু নেটের একপাশে দাঁড়িয়ে নির্দেশ দেওয়া বা নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াতেই থেমে থাকেননি, বরং ব্যাট হাতে ধরে অভিষেককে দেখিয়ে দেন ঠিক কী করতে হবে। ব্যাটিংয়ের নানা সূক্ষ্ম দিক ছাত্রের কাছে ব্যাখ্যাও করেন তিনি। পাশাপাশি, বোলার হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছেন বাঁ-হাতি স্পিনার। সেজন্য যুবি অনেকক্ষণ ধরে বলও করান তাঁকে। এখন ভারতের টি-২০ দলের নিয়মিত সদস্য অভিষেক। নিউজিল্যান্ডে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের একদিনের সিরিজে তাঁর রান যথাক্রমে এমন ২৯, ২৭, ১১৩, ২৭ ও ১। আইসিসি’র টি-২০ ব্যাটারদের তালিকায় তিনি রয়েছেন শীর্ষেই।



