ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বুধবার সন্ধ্যা সাতটায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান। ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে খালেদার চিকিত্সা চলছে। ইউনুসের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। প্রায় আধ ঘণ্টা ধরে খালেদার চিকিত্সা নিয়ে খোঁজখবর নেন ইউনুস। এর আগে মঙ্গলবার রাতে বিএনপি নেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এভাবে তিন বাহিনীর প্রধানের একসঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে হাসপাতালে দেখতে যাওয়ার ঘটনা বাংলাদেশে বিরল। তাঁরা মিনিট কুড়ি হাসপাতালে ছিলেন। গভীর রাতে হাসপাতালে গিয়েছিলেন জামাত-ই-ইসলামির প্রধান শফিকুর রহমানও।



