ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন বলে ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার নির্বাচন চলাকালীন সমস্ত ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিলেন তিনি। শনিবার নিজের সরকারি বাসভবন ‘যমুনা’য় শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের একটি বৈঠক করেন ইউনুস। সেখানেই প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের উপর জোর দিয়েছেন বলে বাংলাদেশের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর।
বৈঠকে ইউনুস বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্রকে নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে। এর জন্য যত টাকা প্রয়োজন, খরচ করা হবে। আমাদের সকলের লক্ষ্য একটাই— আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। বৈঠকে ইউনুসের টেলিযোগাযোগ ও তথ্য সম্প্রচার সংক্রান্ত বিশেষ সহযোগী ফৈয়াজ তায়েবও উপস্থিত ছিলেন। তিনি জানান, নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীদের ওই বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিসকর্মীদের যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষণ দেওয়া যায়, তারও নির্দেশ দিয়েছেন ইউনুস।