Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যাত্রীর গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে সততার নজির বাসচালক-কন্ডাক্টরের

যাত্রীর গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে সততার নজির বাসচালক-কন্ডাক্টরের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ফেলে যাওয়া যাত্রীর দুই লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন বেসরকারি এক বাসের চালক বাবন তরফদার ও কন্ডাক্টর সুশান্ত শীল। বৃহস্পতিবার আলিপুরদুয়ার-১ ব্লকের আটমাইল এলাকায় অনুকূল মজুমদারের হাতে ব্যাগ ভর্তি গয়নার ব্যাগ তুলে দেন বাসের কন্ডাক্টর ফালাকাটার সুভাষপল্লির বাসিন্দা সুশান্ত শীল। জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন অনুকূলবাবুর মেয়ে মীরা মজুমদার আলিপুরদুয়ার থেকে স্বামী ও এক দিদির সঙ্গে ওই বাসে করে শিলিগুড়ি যাচ্ছিলেন। বাসটি আলিপুরদুয়ার থেকে বীরপাড়া হয়ে শিলিগুড়ি যাচ্ছিল। পরে মীরাদেবীরা শিলিগুড়িগামী অন্য বাস ধরতে ফালাকাটায় নেমে যান। কিন্তু মীরাদেবী গয়না ভর্তি ব্যাগটি তাড়াহুড়োয় বাসে ফেলে চলে যান। পরে সুশান্তবাবুরা গয়না ভর্তি ব্যাগটি একটি সিটে দেখতে পান। ওই ব্যাগের ভিতরে পাওয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করার পরেই মীরাদেবীর খোঁজ পান। এদিন সুশান্তবাবু নিজেই আটমাইলে গিয়ে গয়না ভর্তি ব্যাগ অনুকূলবাবুর হাতে তুলে দেন। 
Advertisement
অনুকূলবাবু বলেন, আমরা ওই গয়নার আশা ছেড়েই দিয়েছিলাম। খোয়া যাওয়া ওই গয়না যে এভাবে ফিরে পাব তা ভাবতেই পারছি না। মানুষের মধ্যে এখনও সততা বেঁচে আছে। এই সততাকে কুর্নিশ জানাই। সুশান্তবাবু বলেন, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। গয়নার ব্যাগ ফিরিয়ে দিয়ে আমরা সেটাই করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ