নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বেনজির নজরদারি চালাচ্ছে মোদি সরকার। মুছে ফেলা হচ্ছে সরকার বিরোধী যাবতীয় কনটেন্ট। বারবার এমনই অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে তামাম বিরোধী নেতৃত্ব। সেই আবহেই এবার ইউটিউবের এক রিপোর্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হল। অ্যালফাবেটের মালিকানাধীন সংস্থাটির সাম্প্রতিক কমিউনিটি গাইডলাইন ট্রান্সপারেন্সি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত এপ্রিল থেকে জুন, এই তিন মাসেই ভারতীয়দের আপলোড করা ৩৪ লক্ষ ৪০ হাজার কনটেন্ট মুছে দেওয়া হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। আগের ত্রৈমাসিকের তুলনায় এই বৃদ্ধির হার ২৮ শতাংশ। অভিযোগ, এই তালিকায় রয়েছে একাধিক স্বাধীন সংবাদমাধ্যমের প্রতিবেদনও।
ইউটিউবের দেওয়া পরিসংখ্যান বলছে, এই পর্বে মোট ১ কোটি ১০ লক্ষ কনটেন্ট মুছে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশই ভারতের। তালিকায় এরপরেই রয়েছে আমেরিকা (১২লক্ষ ৬০ হাজার) ও ইন্দোনেশিয়া (৯লক্ষ ২০ হাজার)। ৬৮.২ শতাংশ কনটেন্ট মুছে ফেলার কারণ ছিল শিশু নিরাপত্তা। ৯৮.৬ শতাংশ ভিডিয়ো স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে সরিয়ে দিয়েছে ইউটিউব। এই পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসন ও আদালতের নির্দেশে বহু কনটেন্ট সরিয়ে দিয়েছে ইউটিউব। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইউটিউবের ৩ হাজার ৩৯৯টি কনটেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ এসেছিল। ৭২ শতাংশ ক্ষেত্রেই (২,৮৭০টি) নির্দেশ এসেছিল পুলিশের তরফে। ৬৯৫টি নির্দেশ দিয়েছিল আদালত। বেশিরভাগ অভিযোগই মানহানির (২ হাজার ১৩০)। গুগলের পক্ষ জানানো হয়েছে, আইন ভাঙার অভিযোগে ১৯ হাজার ৮৮৩টি কনটেন্ট সরিয়ে দিয়েছে তারা। তবে ১৯ হাজার ৪০২টি কনটেন্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। যথেষ্ট তথ্য না থাকার কারণে আরও ১৭ হাজার ৪৪৩টি ক্ষেত্রেও হস্তক্ষেপ করেনি সংস্থাটি।



