ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মধুর প্রতিশোধের আশায় যুবরা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আল আমেরাত: দাপটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। বৃহস্পতিবার সেমি-ফাইনালে ৭৯ বল বাকি থাকতে আফগানিস্তানের বিরুদ্ধে জয় এল ৮ উইকেটে। ৩৬.৫ ওভারেই ২২৮ রানের টার্গেট পেরিয়ে যায় টিম ইন্ডিয়া (২৩০-২)। ক্যাপ্টেন লক্ষ্য রায়চন্দানি ৯০ বলে ৯৩ রানে নট আউট থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কা। শনিবার ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অন্য সেমি-ফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় তারা। ফলে, গতবারের ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে এবার। শুধু তাই নয়, এবার লিগ পর্বে দুই দলের সাক্ষাতে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। খেতাবি লড়াইয়ে তারই মধুর প্রতিশোধের লক্ষ্যে ঝাঁপাবেন আর্যবীর-লক্ষ্যরা।

Advertisement

এদিন টস জিতে ব্যাট করতে নেমে একসময় লড়াকু ইনিংসের দিকে এগচ্ছিল আফগানরা। ৩৬ ওভারে তাদের রান ছিল ১৪৩-৩। কিন্তু এরপরই দ্রুত তিন উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত আট উইকেটে ২২৭ রানে থামে আফগানিস্তান। শাহ ফয়সল রাহিমি ও নোমান সাইআরজাই, উভয়েই করেন ৫১। ক্যাপ্টেন সোহেল খানের সংগ্রহ ৩৬। ভারতের সফলতম বোলার ঈশান সুদ (৩-৪৩)। আরিয়ান সাভসানি নেন ২ উইকেট। জবাবে প্রথম উইকেটেই ১১৭ তোলে ভারত। বীরেন্দ্র সেওয়াগের পুত্র আর্যবীরের দুরন্ত ফর্ম অব্যাহত। ৫৭ বলে তাঁর সংগ্রহ ৫১। চারটি চার ও চারটি ছক্কা রয়েছে ডানহাতি ওপেনারের ইনিংসে। ক্যাপ্টেন লক্ষ্য এরপর জুটি বাঁধেন তিনে নামা বিনীতের সঙ্গে। দু’জনে দ্বিতীয় উইকেটে ৯০ বলে যোগ করেন ৭৭।  শতরান নিশ্চিত ছিল লক্ষ্যর। কিন্তু তিনি নড়বড়ে নব্বইয়ের শিকার। এরপর যশবর্ধন চৌহানকে (১৬) সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে ফেরেন বিনীত (৫৭)।
অন্য সেমি-ফাইনালে বাংলাদেশকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে টাইগার ব্রিগেড থামে মাত্র ১৩৮ রানে। এক উইকেট হারিয়ে ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাক দল (১৪১-১)। হাফ-সেঞ্চুরি করেন উসমান খান (অপরাজিত ৬৪) ও হায়াম খান (৬৯)। দুরন্ত ফর্মে থাকা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সহজ হবে না ভারতের।