সংবাদদাতা, বাগডোগরা: ট্রেন আসবে বলে বন্ধ হয়েছে রেলগেট, সিগন্যালও সবুজ। রাঙাপানি স্টেশন সংলগ্ন পাঁচ নম্বর রেলগেটের দু’পাশে তখন গাড়ির লম্বা লাইন। খানিক দূরেই ছিল ট্রেন। হর্ন শুনেও উপেক্ষা করে রেললাইন পারাপার করতে যান এক যুবক। এর জেরেই ঘটে যায় দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ছিটকে লাইনেই লুটিয়ে পড়েন তিনি। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ রাঙাপানি রেলগেটে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। খবর পেয়েই রেল পুলিস ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রেন আসার আগে সাইরেন বাজিয়ে রেলগেট বন্ধ করেন গেটম্যান। দু’দিকের সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই ওই ব্যক্তি রেলগেটের নীচ দিয়ে ঢুকে লাইন পারাপার করতে যান। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন চিৎকার করলেও তিনি শোনেননি বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার খবর রেল পুলিসকে দেন গেটম্যান। রাঙাপানি স্টেশনের জিআরপি আধিকারিকরা এসে আশঙ্কাজনক ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
এবিষয়ে হীরালাল বর্মন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, অনেকেই এভাবে পারপারের চেষ্টা করেন। স্থানীয় ব্যবসায়ী মণি বর্মন জানান, এদিন সকালে রেলগেট বন্ধ থাকা অবস্থায় ওই ব্যক্তি পারাপার করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিস জানিয়েছে, জখমের পরিচয় জানার চেষ্টা চলছে।