নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেঁধে রেখে গণপিটুনির ঘটনায় কৃষ্ণনগর শহরের শক্তিনগরের পাঁচমাথা মোড় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সৌরজিৎ বিশ্বাস নামে এক বাসিন্দার বাড়িতে নির্মাণ কাজ চলছিল। সেখানে কাজ করা নির্মাণ শ্রমিকরা চা খাওয়ার জন্য বাইরে বের হন। সেই সময় এক অচেনা যুবক বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ি মালিকের ছেলের ওই অচেনা যুবককে দেখে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই যুবক পালানোর চেষ্টা করলে দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে ওই যুবককে ধরে রাস্তায় একটি পিলারের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। ওই যুবকের কাছ থেকে নির্মাণ শ্রমিকদের তিনটি মোবাইল পাওয়া যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিস সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



