সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের বকুলতলা থানার হানারবাটি এলাকায় মঙ্গলবার ঘরের ভিতরে বোমা বাধঁতে গিয়ে জখম হয় এক দম্পতি সহ তিনজন। শুক্রবার সকালে এদের মধ্যে জখম এক যুবক আনিস শেখ ওরফে বাপি শেখের কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। বাড়ির কর্তা কালাম শেখ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কালাম শেখের স্ত্রী মনসুরা বেগম বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, হানারবাটি শেখপাড়া মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল। তবে ঘটনার পরেই গৃহকর্তা কালাম শেখ ও তাঁর আত্মীয় আনিস শেখ জখম অবস্থায় গা ঢাকা দিয়েছিলেন। পরে ওইদিন সন্ধ্যায় ডায়মন্ডহারবার হাসপাতালে তাঁদের খোঁজ পায় পুলিস। অপরদিকে, মনসুরা বেগমকে জখম অবস্থায় প্রথমে জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাঙুর হাসপাতালে পাঠানো হয়।



