সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর মহকুমার কয়েকটি এলাকায় এখন যুব সমাজের নতুন নেশা থার্ড পার্টি অ্যাপে টাকা লাগিয়ে সহজে রোজগার। সেইসব অ্যাপ ব্যবহার করে ৫০০ টাকা পাঠালে এক ঘণ্টার মধ্যে মিলছে ৫৩০ থেকে ৫৪০ টাকা। কখনও ১০০০ টাকায় ১০৭০ টাকা পাওয়া যাচ্ছে। বিনা খাটনিতে মুনাফা করতে পেরে তারা বেজায় খুশি। কিন্তু এই লোভনীয় অফারের আড়ালে কি লুকিয়ে রয়েছে সাইবার জালিয়াতির বড় ফাঁদ? এই প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। উঠছে সাইবার সচেতনতার প্রশ্ন। বিনা পরিশ্রমে যে টাকা রোজগার করা যায় না, তা নিয়ে পুলিশ ও সাইবার থানার তরফ থেকে বারবার সচেতন করা হচ্ছে। কিন্তু তারপরেও টাকার লোভে যুব সমাজ ভুল পথে ঝুঁকছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে অ্যাপের লিঙ্ক ছড়িয়ে পড়ছে। প্রথমে কোনো অচেনা নম্বর থেকে মেসেজ আসছে, ‘ঘরে বসে রোজ ৫০০-১০০০ টাকা রোজগার করুন।’ তারপর একটি লিঙ্ক পাঠিয়ে অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। অ্যাপে ঢুকলেই দেখা যাচ্ছে নানা টাস্ক, টাকা জমা দেওয়া, লাইক করা, রিভিউ দেওয়া, অন্যকে যুক্ত করা। অন্যকে যুক্ত করতে পারলে অতিরিক্ত বোনাস মিলছে। ফলে ধীরে ধীরে অ্যাপের ব্যবহার বাড়ছে। টাকা দিলেই লাভ সহ ফেরত আসছে। তাতেই যুব সমাজের বিশ্বাস জন্মাচ্ছে।
রঘুনাথপুর এলাকার এক যুবকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তিনি এক বন্ধুর কথা মতো একটি অ্যাপ ডাউনলোড করেন। তাতে প্রথমে ৫০০ টাকা দিয়ে এক ঘণ্টার মধ্যে ৫৩০ টাকা পেয়ে যান। তারপর ১০০০ টাকা দিয়ে ১০৮০ টাকা পান। এখন প্রায় দিন ৩০০ থেকে ৫০০ টাকার রোজগার হয়। একজন বেকার ছেলের কাছে সেটাই অনেক টাকা।
সাইবার বিশেষজ্ঞদের মতে, প্রতারকদের কাছে এটা জালিয়াতদের পুরনো কৌশল। প্রথমে অল্প টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করে। তারপর বড় অঙ্কের টাকা ঢোকাতে বলা হয়। যখন কেউ ৫০০০, ১০০০০ বা ৫০,০০০ টাকা দিচ্ছেন, তখনই অ্যাপ থেকে টাকা তোলা বন্ধ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে, ‘আরও টাকা ঢোকালে তবেই আগের টাকা তোলা যাবে। ট্যাক্স দিতে হবে, কমিশন দিতে হবে।’ এইভাবে একের পর এক টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। শেষে অ্যাপ বন্ধ, নম্বর বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার প্রতারকরা আরেকটি পন্থা অবলম্বন করছে। তারা যুব সমাজের কাছ থেকে সাদা টাকা নিচ্ছে। পরিবর্তে সাইবার প্রতারকরা লোভ দেখিয়ে ১০-২০ টাকা যোগ করে কালো টাকা ফেরত দিচ্ছে।
সাইবার থানার এক আধিকারিক বলেন, এখন হয়তো ভালো লাগছে। কিন্তু ভবিষ্যতে দেখা যাবে দেশের বিভিন্ন জায়গার প্রতারণার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। সেক্ষেত্রে দেশের বিভিন্ন থানায় কেস হবে। তখন তারা নিজেদের ভুল বুঝতে পারবে। তাই বিষয়টি নিয়ে যুব সমাজের সচেতন হওয়া প্রয়োজন।
স্থানীয়দের মতে, বেকারত্ব, হাতে টাকার অভাব, দ্রুত রোজগারের লোভের কারণেই যুবকরা ফাঁদে পা দিচ্ছেন। অনেক কলেজ পড়ুয়া, চাকরির প্রস্তুতি নেওয়া যুবক, এমনকি পরিযায়ী শ্রমিকের পরিবারের ছেলেরাও এই অ্যাপে টাকা ঢোকাচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সচেতনতা বাড়াতে স্কুল, কলেজে সাইবার সচেতনতা শিবির করা হচ্ছে। সেখানে জানানো হচ্ছে, কোনো অচেনা লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। এক ঘণ্টায় দ্বিগুণ টাকা এই ধরনের প্রতিশ্রুতি মানেই প্রতারণা। কাউকে ওটিপি, ব্যাঙ্কের পাসওয়ার্ড, ইউপিআই পিন দেবেন না। তবে শুধু পুলিশ দিয়ে প্রতারণা রোখা যাবে না। মানুষকেও সচেতন হতে হবে। ছেলেমেয়েরা মোবাইলে কী করছে, কোথায় টাকা পাঠাচ্ছে, কীভাবে বেকার ছেলেমেয়েদের কাছে টাকা আসছে সেদিকে নজর রাখতে হবে।



