সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার দেবীপুর চেকপোস্ট এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অলোক দাস(৩৭)। তাঁর বাড়ি মেমারি থানার কাঁটাপুরে। তিনি পেশায় নাপিত ছিলেন। শনিবার রাতে বাইক নিয়ে মামার ছেলের বিয়ের অনুষ্ঠানের বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় দেবীপুর চেকপোস্ট এলাকায় বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ক্যানিংয়ে ট্রেন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু: উত্তর ২৪পরগনার ক্যানিংয়ে ট্রেন থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম হীরা বাগদি(৬৫)। বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেলুটে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি ফেরার জন্য শনিবার ক্যানিং স্টেশনে ট্রেন ধরার সময় তিনি পড়ে যান। তাতে তিনি গুরুতর জখম হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রবিবার ভোরে তিনি মারা যান।
ট্রেনের ধাক্কায় মৃত্যু: সেহারাবাজার ও কৈয়র স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই মহিলা রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। সেইসময় বাঁকুড়া-মশাগ্রামগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জিআরপি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তাঁর নাম ও পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে।
মন্তেশ্বরে কীটনাশক খেয়ে আত্মঘাতী: মন্তেশ্বর থানার ঘোড়া সোনাডাঙায় কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম কাশী হাজরা(৪৮)। শনিবার রাতে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোরে তিনি মারা যান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।