নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: বন্ধুর বাবার গাড়ি নিয়ে নিউটাউন জয়রাইডে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সল্টলেকের এক তরুণ। এছাড়া নিউটাউন ঘেঁষা বাসন্তী হাইওয়েতে উদ্দাম গতির জেরে আরও একটি দুর্ঘটনা ঘটে। নাবালিকা বান্ধবীকে সঙ্গে নিয়ে বেরিয়ে স্কুটার দুর্ঘটনায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রের। জোড়া পথদুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বন্ধুর বাবার গাড়ি নিয়ে নিউটাউনে ঘুরতে বেরিয়েছিলেন বছর তেইশের আকাশ জানা। সঙ্গে তাঁর বন্ধুও ছিলেন। চালকের আসনে ছিলেন আকাশই। ডিভাইডারে ধাক্কা দিয়ে উলটে যায় গাড়ি। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহের বেশি হাসপাতালে ভরতি থাকার পর মৃত্যু হয়েছে ওই তরুণের। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে, ওইদিন সঠিক কী হয়েছিল? কীভাবে দুর্ঘটনা ঘটল, তার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে আকাশের পরিবার। এবিষয়ে বুধবার নিউটাউন থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের বাড়ি সল্টলেকের এ-ই ব্লকে। ২ নভেম্বর বেলা ৩টে নাগাদ বন্ধুর সঙ্গে বের হয়েছিলেন। বন্ধুর বাবার গাড়ি নিয়ে তাঁরা নিউটাউনের রাস্তায় ঘুরতে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটেছে। বিশ্ববাংলা গেটের দিক থেকে বলাকা আবাসনের দিকে যাওয়ার সময় সন্ধ্যা ৬টা নাগাদ বাঁদিকের ডিভাইডারে ধাক্কা দিয়ে সার্ভিস রোডে উলটে গিয়ে পড়ে। বিশ্ববাংলা মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা জখম অবস্থায় আকাশকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ওইদিন রাতেই সল্টলেকে বিধাননগর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের লোকজন ওইদিন রাতে সেখান থেকে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
মৃত তরুণের মামা বুধবার নিউটাউন থানায় ওই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘নিউটাউন বলাকা আবাসনের সামনে গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকের ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে’। অভিযোগপত্রের শেষে লেখা হয়েছে, ‘ওইদিন কী হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটে, সেটির একটি নিরাপেক্ষ তদন্ত হোক’।
অন্যদিকে, বান্ধবীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন তরুণ। হেলমেট ছাড়াই বাসন্তী হাইওয়েতে স্কুটারে বিপজ্জনক গতি তুলেছিলেন তরুণ। আর বাড়ি ফেরা হল না। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার থেকে ছিটকে পড়েন দু’জনেই। ঘটনাস্থল থেকে উদ্ধার করে যুগলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম সৌরভ মিস্ত্রি (১৮)। তাঁর বান্ধবীর নাম ঈশানী বৈরাগী (১৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছে কিশোরী।
পুলিশ সূত্রে খবর, সৌরভের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নয়াবাদে। অন্যদিকে, মহেশতলায় ঈশানীর বাড়ি। দুর্গাপুজোর সময় দু’জনের আলাপ হয়। ভাইফোঁটায় ছুটি থাকায় বুধবার সন্ধে ৬টা নাগাদ বান্ধবীকে নিয়ে বাসন্তী হাইওয়েতে ঘুরতে যায় সৌরভ। তখনই দুর্ঘটনাটি ঘটে। দ্বাদশ শ্রেণির ছাত্র সে। অন্যদিকে, নবম শ্রেণির পড়ুয়া ঈশানী। পুলিশ জানিয়েছে, স্কুটারে চেপে গড়িয়া হয়ে বাসন্তী হাইওয়েতে ওঠে যুগল। দু’জনের মাথাতেই হেলমেট ছিল না। হাইওয়েতে জলপথের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারায় স্কুটারটি। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় তরুণ। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্কুটারটি বাজেয়াপ্ত করে থানা। অন্যদিকে, গার্ডেনরিচ ফ্লাইওভারে আরও একটি বাইক দুর্ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ শাহনাওয়াজ (৪৪)।



