Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটের চোলাই খেয়ে যুবকের মৃত্যু, বিক্ষোভে প্রমীলা বাহিনী, মদের ঠেক ভাঙল পুলিশ ও আবগারি দপ্তর

দিনের পর দিন পাড়াতেই তৈরি হচ্ছে চোলাই। প্রতিবাদ করলেও কেউ কান দিতে চান না। নেশায় আসক্ত হয়ে প্রতি বছর মৃত্যু হচ্ছে পাড়ার অল্পবয়সীদের।

বালুরঘাটের চোলাই খেয়ে যুবকের মৃত্যু, বিক্ষোভে প্রমীলা বাহিনী, মদের ঠেক ভাঙল পুলিশ ও আবগারি দপ্তর
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: দিনের পর দিন পাড়াতেই তৈরি হচ্ছে চোলাই। প্রতিবাদ করলেও কেউ কান দিতে চান না। নেশায় আসক্ত হয়ে প্রতি বছর মৃত্যু হচ্ছে পাড়ার অল্পবয়সীদের। গত শুক্রবার এক যুবকের পেটে ব্যথার পর মৃত্যু হলে পরিবার দাবি করেছিল, চোলাই খেয়েই এই পরিণতি। সেই ঘটনার পরেই গর্জে উঠল প্রমীলাবাহিনী। রবিবার দুপুরে বালুরঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের তুড়িপাড়ায় চোলাইয়ের ঠেক ভাঙার অভিযানে নামেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও আবগারি দপ্তর ঘটনাস্থিলে গিয়ে সব ঠেক ভেঙে দেয়। তবে, এর জন্য হুমকির মুখেও পড়তে হয়েছে মহিলাদের। 

Advertisement

মহিলাদের দাবি, চোলাই খেয়ে গত এক বছরে পাড়ার অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। অবিলম্বে ওই নেশার আখড়া বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, অভিযোগ পেলে ফের ওই এলাকায় অভিযান চালানো হবে। পুলিশ সূত্রে খবর, লিভারের নানা সমস্যা দেখা দেওয়ায় গত শুক্রবার তুড়িপাড়ার যুবক রাহুল সিংহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতেই তাঁর মৃত্যু হয়েছিল। অতিরিক্ত মদ্যপানের জন্যই তাঁর লিভার নষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ফলে, স্থানীয় বাসিন্দাদের রোষ গিয়ে পড়ে এলাকায় চোলাইয়ের ঠেকগুলির উপর। আগে পুলিশকে জানালেও ঠেক ভাঙার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই মহিলারা দল বেঁধে এদিন ঠেক ভাঙতে যান।
এদিন মহিলারা প্রথমে ঠেকগুলিতে গিয়ে চোলাই তৈরির কাজ বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের হুমকির মুখে পড়তে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার টাউনবাবু সমীর কর্মকার সহ বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও বালুরঘাটার আবগারি দপ্তরের পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল। তারপরেই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই নষ্ট করা হয়েছে। 
প্রমীলা বাহিনীর প্রিয়াঙ্কা সিং বলেন, দু’দিন আগে আমার দাদা মারা গিয়েছে। চোলাই খেয়ে এই এলাকায় বারবার মৃত্যুর ঘটনা ঘটছে। তাই মহিলারা মিলে ঠেক বন্ধ করেছি। আমাদের হুমকি দেওয়া হলে পুলিশ এসে অভিযান চালায়। বালুরঘাটের আবগারি দপ্তরের ওসি প্রসেনজিৎ সিংহ বলেন, বালুরঘাট থানার সঙ্গে যৌথ অভিযানে চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে, রবিবার পতিরাম থানার খাঁপুরেও চোলাইয়ের ঠেকে অভিযান চালায় পুলিশ। কয়েকটি বাড়ি থেকে প্রায় দু’হাজার পাঁচশো লিটার চোলাই নষ্ট করে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন ওসি সত্কার সাংবো সহ অন্যরা।  এলাকায় পুলিশ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ