লক্ষ্য পুরভোটে জেন জি-র যোগদান বৃদ্ধি, ‘পঞ্চায়েত টাস্ক ফোর্স’ কর্মসূচি যুব কংগ্রেসের
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তরুণ, যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে নতুন অভিযানে নামল কংগ্রেস। পুরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় স্তরের নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে নয়া কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘পঞ্চায়েত টাস্ক ফোর্স’। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবক-যুবতীরা নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁদের কংগ্রেসের সঙ্গে যুক্ত করা, স্থানীয়স্তরের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ করে দেবে কংগ্রেস। রাজ্যে আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি শুরু হয়েছে। রাজনৈতিক মহল বলছে, জেন-জি’দের অংশগ্রহণ বাড়াতেই কংগ্রেসের এই অভিযান। 

Advertisement

বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে মাধ্যমে গোটা কর্মসূচির বিষয়টি তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহম্মদ শাহিদ, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। আগামী ছয় মাস এই অভিযান চলবে। স্থানীয় স্তরের যে নির্বাচনগুলি রয়েছে, তা মাথায় রেখেই এই কর্মসূচি। একটি কিউ আর কোড দেওয়া হয়েছে। সেটি স্ক্যান করে অনলাইন ব্যবস্থার মাধ্যমে নিজের সম্পর্কিত তথ্য জমা দিতে পারবেন ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবক-যুবতীরা। নির্বাচনে প্রার্থী হতে যাঁরা ইচ্ছুক, তাঁরা নাম জমা দিতে পারবেন এই ব্যবস্থার মাধ্যমে। তারপর জমা পড়া নামগুলি নিয়ে পর্যবেক্ষণ হবে। 
সবটা খতিয়ে দেখবে ‘পঞ্চায়েত টাক্স ফোর্স’ টিম। প্রার্থী হতে ইচ্ছুক নামগুলি নিয়ে জেলা, রাজ্য ও দিল্লির নেতৃত্ব আলোচনা করবেন। তারপর চূড়ান্ত নাম বাছাই করা হবে। জেলাভিত্তিক কো-অর্ডিনেটর থাকবেন, যাঁরা সমস্ত বিষয় তদারকি করবেন। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, আমাদের লক্ষ্য পুরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় স্তরের নির্বাচনে ২০-২৫ শতাংশ যুব সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এছাড়া যাঁরা নাম নথিভুক্ত করবেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে কংগ্রেসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হবে।