সংবাদদাতা, খড়্গপুর: হাওড়া-পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় খড়গপুরের এক যুবককে গ্রেপ্তার করল রেল পুলিশ। ধৃতের নাম শশাঙ্ক পাত্র। বছর চল্লিশের ওই যুবকের বাড়ি খড়্গপুর শহরের ইন্দা এলাকায়। বুধবার তাকে রেলওয়ে কোর্টে পেশ করে আরপিএফ। এক আরপিএফ আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ইন্দা সংলগ্ন হাতিগোলা ব্রিজের কাছেই পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। ওই এলাকা থেকে খড়্গপুর স্টেশনের দূরত্ব খুব বেশি হলে এক থেকে দেড় কিলোমিটার। সন্ধ্যায় ট্রেন স্টেশনে ঢোকার আগে আচমকাই এই ঘটনাটি ঘটে। ট্রেনের ডি-৮ কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে যায়। জানালার লোহার রডও বেঁকে যায়। আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন। জানালার কাছের সিটে বসে থাকা এক তরুণী কোনোভাবে পাথরের আঘাত থেকে বাঁচেন বলে যাত্রীদের দাবি।
ট্রেনটি খড়্গপুর স্টেশনে পৌঁছানোর পর ফোনে আরপিএফ কন্ট্রোল রুমে অভিযোগ জানান ঝাড়গ্রামের এক যাত্রী। পরে হাওড়া-পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেস মেদিনীপুর স্টেশনে পৌঁছানোর পর আতঙ্কিত যাত্রীদের মধ্যে কয়েকজন মুখ খোলেন সংবাদমাধ্যমের কাছে। দ্রুত তদন্তে নামে আরপিএফ ও জিআরপি। মঙ্গলবার রাতেই ইন্দা এলাকা থেকে শশাঙ্ক নামে স্থানীয় ওই যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। রেল পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছে যে তার হাতে পাথর ছিল। চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার কথাও সে স্বীকার করেছে। যুবকের মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এই ঘটনার পর রেলের সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। খড়্গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার জানান, আরপিএফের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেলওয়ে আইন মেনে উপযুক্ত পদক্ষেপ করা হবে।



