Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীর হাত ধরে টানাটানি, শ্লীলতাহানীর অভিযোগে রামপুরহাটে পাকড়াও যুবক

স্কুল যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রকাশ্য রাস্তায় হাত ধরে টানাটানির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।

ছাত্রীর হাত ধরে টানাটানি, শ্লীলতাহানীর  অভিযোগে রামপুরহাটে পাকড়াও যুবক
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট : স্কুল যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রকাশ্য রাস্তায় হাত ধরে টানাটানির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। বুধবার রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবক আসলাম শেখ। আসলামের বাড়ি রামপুরহাট থানার তেঁতুলবাধি গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে রামপুরহাটের পকসো আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী রাহুল দাস বলেন, বিচারক ধৃতের জামিন নাকচ করে তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। মাস দুয়েক আগেও স্কুল যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করেছিল অভিযুক্ত। শুধু তাই নয়, ছাত্রীর মোবাইলে অশ্লীল ছবিও পাঠিয়েছিল সে। ছাত্রী বিষয়টি বাড়িতে জানায়। এরপর ওই যুবকের পরিবারের সঙ্গে নাবালিকার পরিবার যোগাযোগ করেছিল। যদিও সেই সময় গ্রাম্য মীমাংসায় বিষয়টির মিটমাট হয়ে যায়। এরই মধ্যে বুধবার ফের ওই ছাত্রীকে উত্যক্ত করে ওই যুবক বলে অভিযোগ। পরিবার জানিয়েছে, মেয়েটি এদিন সহপাঠীদের সঙ্গেই স্কুলে যাচ্ছিল। অভিযোগ, আচমকাই অভিযুক্ত নাবালিকার হাত ধরে টানাটানি করতে থাকে। মেয়েটি চিৎকার করলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জানায়। পরে ওই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। নাবালিকার পরিবারের আশঙ্কা, ছাড়া পেয়ে ওই যুবক ফিরে এসে তাঁদের মেয়ের সঙ্গে কোনও অঘটন না ঘটিয়ে ফেলে! এই ব্যাপারে এলাকার তৃণমূল নেতা মিলন শেখ বলেন, অভিযুক্ত যুবক নেশারু। আগেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেছিল সে। সেই সময় বিষয়টি মিটে গেলেও নিজেকে শুধরে নেয়নি। তিনিও দাবি করেন, স্কুল শুরু ও ছুটির সময় রাস্তায় পুলিশের নিরাপত্তা বাড়ানো উচিত। যদিও পুলিশ জানিয়েছে, ওই এলাকার নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ ক্যাম্প রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ