Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাঙ্কে ঢুকে টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত যুবক

ব্যাঙ্কে ঢুকে এক গৃহবধূর হাত থেকে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল এক ছিনতাইবাজ।

ব্যাঙ্কে ঢুকে টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত যুবক
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ব্যাঙ্কে ঢুকে এক গৃহবধূর হাত থেকে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল এক ছিনতাইবাজ। কিন্তু লাইনে দাঁড়ানো এক গ্রাহক তাকে জাপটে ধরে ফেলায় শেষমেশ আর পালাতে পারেনি ওই যুবক। ওই গৃহবধূ তাকে সপাটে চড় মারে। অভিযুক্তকে বারুইপুর থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বারুইপুরের সাউথ গড়িয়ার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ওই গ্রাহক ও গৃহবধূর সাহসিকতার তারিফ করেছেন ব্যাঙ্কের কর্মীরা। তবে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় ব্যাঙ্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ রাজু। বাড়ি সুভাষগ্রামের ক্ষীরিশতলায়। এই ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিস।  জানা গিয়েছে, সাউথ গড়িয়া এলাকার বাসিন্দা মধুছন্দা দাস এদিন বেলা সাড়ে ১২টা ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা জমা করার জন্য। তিনি ১২ হাজার টাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন কাউন্টারের সামনে। সেই সময় ছিনতাইবাজ মহম্মদ রাজু ব্যাঙ্কে ঢুকে সটান চলে আসে মহিলার পাশে। মধুছন্দাদেবী বলেন, ‘ও আমার হাত থেকে টাকা কেড়ে পালানোর চেষ্টা করেছিল। আমি মুঠো শক্ত করে রাখায় টাকা নিতে পারেনি। সেই সময় আমার পিছনে দাঁড়ানো এক গ্রাহক জাপটে ধরে ফেলেন ওই ছিনতাইবাজকে। আমি কষিয়ে চড়ও মেরেছি। এরপর অন্যান্য লোকজন ছুটে আসেন। পুলিসকে খবর দিলে তারা এসে ধরে নিয়ে যায় অভিযুক্তকে। আমার মনে হয় ওই যুবক আমাকে অনুসরণ করেই ব্যাঙ্কে ঢুকেছিল। ওর হাতে অস্ত্র থাকলে বড় বিপদ হতে পারত’। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। পুলিসের হাতে সেই ফুটেজ তুলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এভাবে দিনের বেলায় ব্যাঙ্কে ছিনতাইবাজ ঢুকল কী করে? নিশ্চিতভাবেই নিরাপত্তার বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ঢিলেমি রয়েছে। নজরদারির ব্যবস্থা নেই কেন? পুলিসের এব্যাপারেও পদক্ষেপ করা উচিত।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ