নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাদকমিশ্রিত খাবার খাইয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে সোমবার বড়তলা থানার পুলিশ অভিযুক্ত এক যুবককে পাকড়াও করে। মঙ্গলবার ধৃতকে কলকাতার বিচারভবনের পকসোর বিশেষ আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় তাকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু জানান, সরকারি পক্ষ থেকে এদিন কিশোরীর গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল পরীক্ষার আর্জি জানানো হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী যুবকের পূর্ব পরিচিত। সেই মতো যুবকটি কিশোরীকে তাঁর বাড়ি থেকে ডেকে পাঠান। কিশোরী তাঁর বাড়িতে গেলে তাকে খাবার দেওয়া হয়। সেই খাবার খেয়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। অভিযোগ, এরপরই কিশোরীকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফিরলে সে বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজনকে সব কিছু বলে। পুলিশে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে কিশোরীর মেডিকেলও করা হয়েছে।



