নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে খুন করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সারাদেশ যখন বদলার আগুনে ফুঁসছে, তখন সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে দেশে অস্থিরতা ছড়িয়ে চলেছে। সেই চক্রের অন্যতম সঙ্গী ছিল জামুড়িয়া কারখানার এক শ্রমিক। এক অতি সাধারণ ডাম্পার চালক। কিন্তু তার ফেসবুক পোস্ট দেখলে চোখ কপালে উঠছে। ভারতীয় জাতীয় পতাকাকে পোড়ানো ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিকে রাস্তায় ফেলে অসম্মান করার ছবি ভাইরাল করে এই যুবক। দেশকে অসম্মান করে ফেসবুক পোস্ট করায় শরিফ মীর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বারাবনি থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই পোস্ট নতুন নয়, সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবেই ভারত বিরোধী প্রচারে অংশ নিয়েছে এই যুবক। শুধু কি পাকিস্তান প্রেম থেকেই ভারত বিরোধী পোস্ট, নাকি এর সঙ্গে রয়েছে কোনও বড় ষড়যন্ত্র— তার হদিশ পেতেই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস।
ডিসি সন্দীপ কাররা বলেন, দেশবিরোধী ভিডিও ভাইরাল করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধারাবাহিক জেরা করে জানা হবে, সে কোন চক্রের সঙ্গে যুক্ত হিসাবে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছিল কি না।
বারাবনি থানার পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামে বাড়ি শরিফ মীরের। বিবাহিত শরিফ জামুড়িয়ার একটি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করত। মূলত কারখানার ভেতরে ডাম্পার সহ ভারী গাড়ির চালক ছিল সে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় শরিফ। বহু ক্ষেত্রে তার পোস্ট দেশের ভাবাবেগকে আঘাত করে। গতকাল সব সীমা ছাড়িয়ে যায়। ভারত বিরোধী অত্যন্ত নিন্দনীয় একটি পোস্ট নিজে শেয়ার করে সে। তারপরই বারাবানি থানার পুলিস সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার পুরো এলাকা থমথমে, কেউ কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে ধৃতের আত্মীয় পরিজনরা বারাবানি থানায় এসে তাকে নির্দোষ দাবি করতে থাকেন। মঙ্গলবার তাকে আসানসোল সিজেএম এজলাসে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
শুধু শরিফ নয়, বহু ফেক অ্যাকাউন্ট থেকেও উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। অনেক ক্ষেত্রে যুদ্ধ আবহে দেশের সম্প্রীতি নষ্ট করার জন্যও কিছু পোস্ট করা হচ্ছে। সেই সব পোস্টের উপর আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেট কঠোর নজর রাখছে। এখনও পর্যন্ত ৪০টি পোস্ট সমাজ মাধ্যম থেকে মুছে দেওয়া হয়েছে। সেই কাজ করতে গিয়েই শরিফের ভূমিকা পুলিসের নজরে আসে। রেডারে থাকা সন্দেহভাজন শরিফ বিতর্কিত পোস্ট করতেই তৎপর হয় পুলিস। তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত অভিযুক্ত।-নিজস্ব চিত্র