নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্কের মধ্যে একা পেয়ে মূক-বধির তরুণীর শ্লীলতাহানি করল এক যুবক। এমনই অভিযোগে জয়ন্ত কাসদুকা নামে যুবককে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিস। শনিবার ভরসন্ধ্যায় ম্যাডক্স স্কোয়ারের ভিতরে প্রকাশ্যে বিশেষভাবে সক্ষম ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
পুলিস সূত্রে খবর, বালিগঞ্জ থানা এলাকারই বাসিন্দা ওই তরুণী। প্রতিদিন সন্ধ্যায় ম্যাডক্স স্কোয়ারে গিয়ে বসেন তিনি। শনিবারও গিয়েছিলেন সেভাবেই। একমাত্র অভিভাবকরাই তাঁর অস্পষ্ট ও জড়ানো কথা কিছুটা বুঝতে পারেন। প্রতিদিন সন্ধ্যায় যাঁরা ম্যাডক্স স্কোয়ারে হাঁটার জন্য আসেন, শনিবার তাঁরা দেখেন, ওই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা করছে এক যুবক। তরুণীর অভিব্যক্তিতে তা স্পষ্ট বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিসকে। স্থানীয় লোকজনই জয়ন্ত নামে ওই যুবককে আটক করে বালিগঞ্জ থানায় ফোন করে খবর দেন। পুলিস এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে নির্যাতিতা তরুণীকেও থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। থানায় এসে জয়ন্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তাঁরা। তার ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয় জয়ন্তকে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত স্থানীয় এক ব্যবসায়ীর পুত্র। বালিগঞ্জ থানা এলাকাতেই তার বাড়ি।
রবিবার ধৃতকে আলিপুর আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়। অভিযুক্তের তরফে একাধিক আইনজীবী সওয়াল করেন। ধৃতের জামিনের আর্জি জানান তাঁরা। তাঁরা দাবি করেন, গ্রেপ্তারির ভিত্তি বা ‘গ্রাউন্ড অব অ্যারেস্ট’ সঠিকভাবে উল্লেখ করেনি পুলিস। আইন অনুযায়ী অ্যারেস্ট মেমোও দেওয়া হয়নি বলে দাবি করেন তাঁরা। জামিনের বিরোধিতা করে অভিযুক্তের পুলিস হেফাজতের আর্জি জানান মুখ্য সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল। তাঁর দাবি, অভিযুক্তের কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে পুলিস হেফাজতে নেওয়া প্রয়োজন।