সংবাদদাতা, উলুবেড়িয়া: মাতলামির প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর করলেন এক যুবক। এমন অভিযোগ মিলেছে শ্যামপুর থানার নাকোল গ্রাম পঞ্চায়েতের আন্দুলে পাড়ায়। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ দিলীপ খাঁড়া নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগ এনেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মদ্যপ অবস্থায় এলাকায় মাতলামি করছিলেন দিলীপ। তা দেখে ওই গৃহবধূ প্রতিবাদ করেন। অভিযোগ, তখনই দিলীপ মহিলাকে মারধর করেন। মহিলার স্বামী বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মহিলাকে উদ্ধার করেন। তাঁরা দিলীপকেও আটকে রাখেন। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ গিয়ে দিলীপকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ দিলীপ খাঁড়াকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।



