Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬

ইএমআই শোধ না করায় যোগীরাজ্যে যুবককে অপহরণ করে রক্ত আদায়

সময়মতো স্মার্টফোনের ইএমআই শোধ না করার খেসারত দিতে হল রক্ত দিয়ে! সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের লখনউ।

ইএমআই শোধ না করায় যোগীরাজ্যে যুবককে অপহরণ করে রক্ত আদায়
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: সময়মতো স্মার্টফোনের ইএমআই শোধ না করার খেসারত দিতে হল রক্ত দিয়ে! সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের লখনউ। নভল কুমার নামে ওই যুবকের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর শরীর থেকে জোর করে রক্ত বের করা হয়। একটি বাড়িতে আটকে রেখে চারদিন ধরে নভলের উপর অত্যাচার চালায় অভিযুক্তরা। যুবককে মুক্তি দিতে দফায় দফায় টাকা পর্যন্ত চাওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে হেপাজতে নিয়েছে পুলিশ। ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, প্রায় এক বছর আগে স্থানীয় একটি দোকান থেকে সাড়ে ২১ হাজার ৫০০ টাকার স্মার্টফোন কিনেছিলেন নভল।  কিস্তি হিসাবে প্রতি মাসে ২ হাজার ৭৯৯ টাকা দিতে হত। মোট ১২টি কিস্তিতে টাকা শোধ করার কথা ছিল। প্রথম কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ার পর থেকেই অত্যাচার শুরু করে মোবাইল বিক্রেতা। অভিযোগ, দোকানদারের লোকজন প্রথমে নভলের ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নেয়। গত ৮-৯ সেপ্টেম্বর নভলের বাড়িতে চড়াও হয় কয়েকজন দৃষ্কৃতী। টাকা দিতে না পারায় নভলকে অপহরণ করে লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাঁর শরীর থেকে রক্ত বের করে নেওয়া হয়। কোনোমতে ভাইকে ফোন করেন নভল। খবর দেওয়া হয় পুলিশকে। শেষ পর্যন্ত মুক্তি পায় নভল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ