নয়াদিল্লি: পহেলগাঁওতে পর্যটকদের উপর পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার বিরুদ্ধে প্রতিবাদকে এবার বিশ্বমঞ্চে নিয়ে গেল ভারত। নিউ ইয়র্কে ‘ভিক্টিমস অব টেররিজম অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক’-এর সভায় পাকিস্তানকে সরাসরি ‘জঙ্গিদের সাহায্যকারী দেশ’ বলে আক্রমণ করল ভারত। পাকিস্তানের জন্য পুরো ভারতীয় উপমহাদেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছে দিল্লি। সোমবার ওই সভায় ভারতের হয়ে বক্তৃতা দেন রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ যোজনা প্যাটেল। সেখানে তিনি যে কোনও ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেন। ভারতের বিরুদ্ধে যেভাবে ভ্রান্ত প্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, তারও কড়া সমালোচনা করেন যোজনা।
সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কার্যত স্বীকার করেছিলেন, জঙ্গিগোষ্ঠীগুলিকে সাহায্য করা হচ্ছে। তাঁর সেই মন্তব্যকেই হাতিয়ার করেন ভারতের প্রতিনিধি। ভারতকে সীমান্ত সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে তিনি বলেন, ‘সারা বিশ্ব শুনেছে যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসবাদে মদত, প্রশিক্ষণ ও টাকা জোগানোর ইতিহাস স্বীকার করেছেন। তাঁর স্বীকারোক্তি শুনে কেউ অবাক হয়নি। পাকিস্তান যে একটি জঙ্গিরাষ্ট্র ও বিশ্বজুড়ে সন্ত্রাসবাদকে মদত দিয়ে ভারসাম্য নষ্ট করছে, তা ওই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। বিশ্ব আর চোখ বুজে থাকবে না।’
পহেলগাঁওয়ে হামলার পরেই ঘটনার কড়া নিন্দা করে বার্তা দিয়েছিল রাষ্ট্রসেঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এক প্রেস বার্তায় জানানো হয়েছিল, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের জবাবদিহি করতেই হবে। বার্তায় বলা হয়, সন্ত্রাসবাদের সংগঠক, অর্থের জোগানদাতাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এর জন্য সব দেশকে একযোগে কাজ করা উচিত।