নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পাত্রী তো ছিলই, পাত্রও দেখা হয়ে গিয়েছিল। বিয়ের দিনক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বাধা হয়ে উঠেছিল বিয়ের খরচ। শেষে ত্রাতার ভূমিকায় দাঁড়াল উস্তি থানা। দেউলার একটি হোমে ২৪ বছর বয়সি এক আবাসিকের বিয়ের আয়োজন করল পুলিশ। ধুমধাম করে চারহাত এক হল। আকভানের প্রভাবে প্রবল দুর্যোগ উপেক্ষা করে কবজি ডুবিয়ে হল খাওয়াদাওয়াও। পুলিশের এই উদ্যোগে খুশি নবদম্পতি ও আমন্ত্রিতরা।
জানা গিয়েছে, জন্মের পর থেকেই বাবা-মায়ের স্নেহ পায়নি রুমা বিশ্বাস নামে ওই আবাসিক। হোমের চার দেওয়াল ছিল তাঁর পৃথিবী। আর আত্মীয় বলতে এখানকার অন্যান্য আবাসিকরা। সাবালক হওয়ার পর রুমার জীবনে বিয়ের প্রস্তাব আসে। সোনারপুরের শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে এক সেলুন ব্যবসায়ীর সঙ্গে কথাবার্তা এগয়। পাত্র ও পাত্রী দু’জন দু’জনকে পছন্দ করেন। পাকা কথার পর ঠিক হয় বিয়ের দিনক্ষণ। কিন্তু হোম কর্তৃপক্ষের চিন্তা হয়ে দাঁড়ায় বিয়ের খরচ। কালীপুজোর সময় দেউলার সেই হোমে বস্ত্র বিতরণে গিয়েছিলেন উস্তি থানার ওসি রাহুল কুমার ও অন্যান্য পুলিশ কর্মীরা। বিয়ের বিষয়টি তাঁকে জানানো হয়। তিনি জানান, বিয়ের আয়োজন তাঁরা করবেন। এরপর শুরু হয় তোড়জোড়। কেনাকাটা, ব্যবস্থপনা, ক্যাটারিং প্রভৃতি সবকিছুর বন্দোবস্ত হয়। মেনুতে ছিল বিরিয়ানি, নান, ছোলা, মিষ্টি ইত্য্যাদি আইটেম। শুক্রবার দুর্যোগ উপেক্ষা করে নির্ধারিত সময় বসে বিয়ের আসর। সানাইয়ের সুর আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে হোম। পুলিশকর্তাদের উপস্থিতিতে শান্তনু ও রুমার বিয়ে সম্পন্ন হয়। যে পুলিশের নাম শুনলে সাধারণ মানুষের মনে ভয় কাজ করে, সেই উর্দিধারীরা যে মানুষের বিপদে আপদে সহায় হন তা এই বিবাহ অনুষ্ঠান প্রমাণ করে দিল। নিজস্ব চিত্র



